অভিযাত্রা ঠেকাতে তৎপরতা অব্যাহত

বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের ‘গণতন্ত্রের অভিযাত্রা’ কর্মসূচি ঠেকাতে গতকাল রোববারের মতো আজ সোমবারও সরকারি তৎপরতা অব্যাহত রয়েছে। রাজধানী ঢাকা আজও অবরুদ্ধ।
রাজধানী ঢাকাকে অবরুদ্ধ করে গতকাল ২৯ ডিসেম্বর জোটের পূর্বঘোষিত ‘গণতন্ত্রের অভিযাত্রা’ কর্মসূচি পণ্ড করে দেয় সরকার। অভিযাত্রা সফল করতে না পারায় আজ ঢাকায় একই কর্মসূচি অব্যাহত রেখেছে আন্দোলনরত জোট। আর ঢাকার বাইরে জেলা-উপজেলা ও বিভাগীয় শহরে রাজপথ, রেলপথ ও নৌপথে আজ অবস্থান কর্মসূচি পালন করার ঘোষণা দেওয়া হয়েছে।
রাজধানীর বিভিন্ন সড়ক, মোড় ও গুরুত্বপূর্ণ স্থানগুলোতে সতর্ক রয়েছে পুলিশ। ঢাকার প্রবেশপথগুলোতে কড়া নিরাপত্তাব্যবস্থা বহাল আছে। নিরাপত্তার কড়াকড়িতে সাধারণ মানুষ হয়রানির শিকার হচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
পুলিশের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দারা দায়িত্ব পালন করছেন। আছে র্যাবও। এ ছাড়া সশস্ত্র বাহিনী ও বিজিবির সদস্যরা স্ট্রাইকিং ফোর্স হিসেবে আছেন।
রাজধানীর পল্টন, নয়াপল্টন, মতিঝিল, প্রেসক্লাব, হাইকোর্ট মোড়, শাহবাগ, বাংলামোটর, কারওয়ান বাজার, ফার্মগেট, মহাখালী, বনানী, উত্তরা, মোহাম্মদপুর, শ্যামলী, মিরপুর, রামপুরা, বাড্ডা, মালিবাগ, মৌচাকসহ বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছেন। তাঁরা পথচারী ও বিভিন্ন যানবাহন থামিয়ে তল্লাশি করছেন।

নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আজ সকাল ১০টা পর্যন্ত জোটের নেতা-কর্মীদের দেখা যায়নি। নয়াপল্টন ও এর আশপাশের এলাকায় বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে। প্রতিটি সড়কে প্রতিবন্ধকতা রয়েছে। কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কের দুই পাশে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে পুলিশ। ওই পথে যাতায়াতকারীদের প্রত্যেককে দাঁড় করিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে অফিসমুখী মানুষজন সেখান দিয়ে চলাচল করতে পারছে। বিএনপির কার্যালয়ের মূল ফটক ভেতর থেকে তালা দেওয়া রয়েছে। কার্যালয়ের সামনের সড়কে জলকামান প্রস্তুত রাখা হয়েছে। এ ছাড়া সেখানে একটি প্রিজনভ্যানও রাখা হয়েছে। ওই এলাকার সব দোকান ও হোটেল বন্ধ রয়েছে।
খালেদা জিয়ার গুলশানের বাসভবনের সামনে মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ। বালুভর্তি ট্রাক দিয়ে রাস্তা বন্ধ করে রেখেছে পুলিশ।
গতকালের মতো আজও রাজধানী অবরুদ্ধ। দূরপাল্লার বাস চলছে না। নৌ ও রেলযোগাযোগ স্থবির। রাজধানীর ভেতরেও একই অবস্থা। হাতেগোনা কয়েকটি বাস চলতে দেখা গেছে।
১৮-দলীয় জোটের কর্মসূচি ঠেকাতে ঢাকার বিভিন্ন প্রবেশপথ ও রাজধানীর ভেতরে সরকারদলীয় নেতা-কর্মীদের তত্পরতা লক্ষ্য করা গেছে।
গতকাল রাতে পুলিশের একটি সূত্র জানিয়েছে, বিরোধী জোটের কর্মসূচি অব্যাহত থাকায় পুলিশের প্রস্তুতিও আগের মতোই থাকবে। এ ছাড়া কর্মসূচি পণ্ড করে দিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সরকারি দল সারা দেশ থেকে রাজধানীকে বিচ্ছিন্ন করে রাখার যে পদক্ষেপ নিয়েছে, সেটাও অব্যাহত থাকবে বলে বিভিন্ন সূত্র জানিয়েছে।
৫ জানুয়ারির নির্বাচন প্রতিহত করতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ঢাকা অভিমুখে অভিযাত্রা কর্মসূচি ঘোষণা করেন। তিনি দলের নেতা-কর্মী ও সক্ষম মানুষকে নয়াপল্টনে সমবেত হওয়ার আহ্বান জানান। তবে কাল পুলিশ বিএনপির চেয়ারপারসনকেও তাঁর গুলশানের বাসা থেকে বের হতে দেয়নি। তাঁর বাড়িও অবরুদ্ধ করে রাখে। পুলিশ ও সরকারি দলের নেতা-কর্মীদের নজিরবিহীন তত্পরতায় বিএনপি-জামায়াতের ব্যাপক প্রস্তুতি কোনো কাজেই আসেনি।