অভিযাত্রিকের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন

রংপুরে গতকাল শুক্রবার নানা আয়োজনের মধ্য দিয়ে অভিযাত্রিক সাহিত্য ও সংস্কৃতি সংসদের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়েছে। গতকাল সকাল সাড়ে ১০টায় টাউন হল চত্বরে লিটল ম্যাগাজিন উৎসব ও প্রদর্শনীর মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন ভাষাসৈনিক জসীম উদ্দিন আহমেদ।
বিকেল চারটায় টাউন হলে সংগঠনের ২০১২তম সাপ্তাহিক সাহিত্য আসর ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এতে সংগঠনের সভাপতি এম এ বাশারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ভাষাসৈনিক ড. জসীম। বিশেষ অতিথি ছিলেন রংপুর বেতারের আঞ্চলিক পরিচালক সায়েদ মোস্তফা কামাল, অধ্যাপক মোজাম্মেল হক, প্রবীণ নাট্যব্যক্তিত্ব মনোয়ার হোসেন, লেখক ও উপাধ্যক্ষ রকিবুল হাসান, রংপুর আইন মহাবিদ্যালয়ের অধ্যক্ষ সাজেদ হোসেন, নতুন সাহিত্য পত্রিকার সম্পাদক মহফিল হক ও লেখক রেজাউল করিম।
সন্ধ্যায় সাইদ সাহেদুল ইসলামের রচনা ও নির্দেশনায় কাব্যনাটক আজ আমাদের আনন্দধারা মঞ্চায়ন হয়।