অভিযান অব্যাহত আরও ২২৯ আটক
হামলা-ভাঙচুর, নাশকতাসহ বিভিন্ন অভিযোগে বিএনপি ও জামায়াত-শিবিরের ২২৯ নেতা-কর্মীকে আটক করেছে যৌথ বাহিনী। গত সোমবার রাত থেকে গতকাল মঙ্গলবার পর্যন্ত রাজধানীসহ দেশের সাত জেলার নয়টি স্থান থেকে বিশেষ অভিযান চালিয়ে এঁদের আটক করা হয়। গতকাল রাত ১০টা পর্যন্ত আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
রাজধানীর বিভিন্ন স্থানে গত সোমবার রাতে অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের ১২০ জনকে আটক করা হয়। গতকাল আদালতের মাধ্যমে সবাইকে কারাগারে পাঠানো হয়েছে।
এ ছাড়া দেশের কয়েকটি স্থান থেকে ১০৯ জনকে আটক করেছে যৌথ বাহিনী। চট্টগ্রামের লোহাগাড়া, সাতকানিয়া ও সীতাকুণ্ড উপজেলায় অভিযান চালিয়ে ৪৬ জনকে আটক করা হয়। লোহাগাড়া থেকে গতকাল জামায়াত-শিবিরের ৩২, সাতকানিয়া থেকে সোমবার রাতে পাঁচ এবং সীতাকুণ্ড থেকে নয় কর্মীকে গ্রেপ্তার করা হয়।
নোয়াখালীর বিভিন্ন উপজেলায় সোমবার রাতে অভিযান চালিয়ে বিএনপি ও জামায়াত-শিবিরের ১৮ নেতা-কর্মী ও সমর্থককে আটক করে পুলিশ। এঁদের মধ্যে ১১ জন বিএনপির ও চারজন জামায়াত-শিবিরের নেতা-কর্মী। গতকাল তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সাতক্ষীরার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সোমবার রাতে বিএনপি-জামায়াতের ১০ জনকে গ্রেপ্তার করা হয়। সাতক্ষীরা গোয়েন্দা বিভাগের (ডিএসবি) পরিদর্শক আযম খান জানান, তাঁদের বিরুদ্ধে সড়কের পাশের গাছ কেটে অবরোধ, সরকারি কাজে বাধা ও নাশকতা সৃষ্টির অভিযোগ রয়েছে।
চাঁদপুরের হাজীগঞ্জে সোমবার রাতে অভিযান চালিয়ে পৌর বিএনপির যুগ্ম সম্পাদক মো. মনির হোসেন খানসহ ১৩ নেতা-কর্মীকে গ্রেপ্তার করে র্যাব। দুই দিন ধরে বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে দুটি মামলা করে। এতে ৫৬ জনের নামোল্লেখসহ অজ্ঞাত ৬০০ নেতা-কর্মীকে আসামি করা হয়। হাজীগঞ্জ থানার এসআই মো. আনোয়ার হোসেন জানান, গ্রেপ্তার করা ব্যক্তিদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
দিনাজপুরে গতকাল অভিযান চালিয়ে নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বিএনপি-জামায়াতের ২২ কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।