অভিযান কোনো দলের বিরুদ্ধে বা পক্ষে নয়: বিজিবি প্রধান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেজর জেনারেল আজিজ আহমেদ।
মেজর জেনারেল আজিজ আহমেদ।

যৌথ অভিযান কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে বা পক্ষে নয় বলে মন্তব্য করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমদ। আজ মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জ সার্কিট হাউসে সাংবাদিকের সঙ্গে মতবিনিময়কালে এ মন্তব্য করেন তিনি।
বিজিবি মহাপরিচালক বলেন, অবরোধ প্রত্যাহার ও হরতাল বন্ধ করা হয়েছে, কিন্তু এই অবরোধ ও হরতালের নামে দেশে যারা নাশকতা চালিয়েছে, তারা সন্ত্রাসী। এই সন্ত্রাসীদের যে পর্যন্ত আইনের হাতে তুলে দেওয়া না হবে, ততদিন যৌথ অভিযান চলবে। এদের আইনের আওতায় আনতে যতদিন সময় লাগবে এই যৌথ অভিযানও ততদিন চলবে। জেলা ও পুলিশ প্রশাসন, যতদিন প্রয়োজন মনে করবে বিজিবি ততদিন তাদের সহযোগিতা করে যাবে। হরতাল অবরোধের নামে পেট্রলবোমা নিক্ষেপ করে সাধারণ মানুষকে হত্যাসহ অনেক মানুষকে পঙ্গু করে দেওয়া হয়েছে। এই সাধারণ মানুষকে হত্যাকারীদের কোনোক্রমেই ছাড় দেওয়া হবে না।

আজিজ আহমদ বলেন, যৌথ অভিযান কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে বা পক্ষে নয়। শুধু সন্ত্রাসীদের নির্মূল করার জন্য বিজিবি সহযোগিতা করছে। সন্ত্রাসীরা কোন দলের নয়। জনগণের মধ্যে স্বস্তি ফিরে না আসা পর্যন্ত বিজিবি প্রতিটি জেলায় জেলায় সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করবে।
সিটি করপোরেশনের নির্বাচন প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আজিজ আহমদ বলেন, শান্তিপূর্ণভাবে প্রার্থীদের প্রচার ও ভোট গ্রহণে নির্বাচন কমিশন যেভাবে নির্দেশনা দেবে, বিজিবি সেভাবে কাজ করবে। ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারে যে জন্য বিজিবির ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করবে। সীমান্তে মাদক পাচার প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশের সীমান্তবর্তী অনেক এলাকায় এখনো কাঁটাতারের বেড়া ও সড়ক যোগাযোগ ব্যবস্থা নেই। যে কারণে অনেক সময় মাদক পাচার রোধ করা সম্ভব হয় না। তারপরও বিজিবি নিরলসভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে। ভবিষ্যতে বিজিবি এ কাজে আরও কঠোর ভূমিকা পালন করবে।
মতবিনিময় সভায় বিজিবি রংপুর বিভাগীয় কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাহফুজুর রহমান, রাজশাহী অঞ্চলের সেক্টর কমান্ডার কর্নেল কে এম ফেরদৌসুল সাহাব, সিরাজগঞ্জ র‌্যাব-১২ পরিচালক অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক মাহমুদুল হাসান, সিরাজগঞ্জের জেলা প্রশাসক বিল্লাল হোসেন, পুলিশ সুপার এস, এম এমরান হোসেনসহ উচ্চ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে বিজিবি মহাপরিচালক সিরাজগঞ্জ ও উল্লাপাড়া উপজেলার দুটি বিজিবি ক্যাম্পের কর্মরত বিজিবি কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন।