অভিযান ঠেকাতে মাইকে ঘোষণা দিয়ে র্যাবের ওপর হামলা
চট্টগ্রামে অভিযান ঠেকাতে মাইকে ঘোষণা দিয়ে র্যাব সদস্যদের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর করা হয়েছে। এতে চার র্যাব সদস্য আহত হন। রোববার বিকেলে নগরের বাকলিয়া বলিরহাট এলাকায় এই ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শী ও র্যাব সূত্র জানায়, বলিরহাট এলাকায় অবৈধ প্রচুর কাঠ আছে, এ খবর পেয়ে র্যাব বন বিভাগসহ অভিযানে যায় বেলা দুইটার দিকে। অভিযান শুরুর পরপরই স্থানীয় মসজিদের মাইকে ডাকাত এসেছে বলে প্রচার করা হয়। ডাকাত আসার খবর শুনে ৬০ থেকে ৭০ জন লোক জড়ো হয়ে অভিযানে অংশ নেওয়া র্যাবের একটি মাইক্রোবাসে ভাঙচুর চালান। হামলায় চার র্যাব সদস্য আহত হন। ঘটনার পর অভিযানে যাওয়া র্যাব সদস্যরা ফিরে আসেন। পরে বিকেল পাঁচটার দিতে অতিরিক্ত ফোর্স নিয়ে সেখানে আবার অভিযানে যায় র্যাব।
জানতে চাইলে র্যাব-৭ চট্টগ্রামের অধিনায়ক লে. কর্নেল মশিউর রহমান রাতে প্রথম আলোকে বলেন, বলিরহাট এলাকায় অবৈধ কাঠ আছে, এ খবর পেয়ে বন বিভাগসহ র্যাব অভিযানে যায়। তখন স্থানীয় দুই ব্যক্তি ডাকাত এসেছে বলে মসজিদের মাইকে ঘোষণা দেন।
তখন স্থানীয় লোকজন জড়ো হয়ে র্যাবের ওপর হামলা করেন। চার র্যাব সদস্য আহত হন। এর মধ্যে একজনের মাথা ফেটে গেছে। পরে র্যাবের অতিরিক্ত ফোর্স গিয়ে অভিযান চালিয়ে অবৈধ কাঠ উদ্ধার করে। র্যাব সদস্যদের ওপর হামলাকারীদের গ্রেপ্তারে অভিযান চলছে।