পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বলেছেন, হেফাজতে ইসলামকে শাপলা চত্বর থেকে হটিয়ে দিতে যৌথ বাহিনীর অভিযান নিয়ে দেশের ভাবমূর্তিতে সংকট সৃষ্টির কোনো আশঙ্কা নেই। বরং ওই অভিযানকে কেন্দ্র করে বিরোধী দলসহ স্বার্থান্বেষী মহলের অপপ্রচারে দেশের ভাবমূর্তি নষ্ট হতে পারে। তিনি গতকাল বুধবার সন্ধ্যায় তাঁর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন।
দীপু মনি বলেন, সরকার কখনো গণতান্ত্রিক প্রতিবাদের ভাষাকে রোধ করার চেষ্টা করেনি। হেফাজতে ইসলাম গত রোববার ঢাকায় শান্তিপূর্ণ সমাবেশের নামে যে নৈরাজ্য চালিয়েছে, তা শুধু এ দেশের জনগণই নয়, সারা বিশ্ব দেখেছে। উন্নয়ন-অগ্রগতির মধ্যে এসব ধ্বংসযজ্ঞ বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করতে পারে বলে তিনি জানান।
পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, দুটি টেলিভিশন বন্ধ করার পর কোনো দেশ এ নিয়ে প্রশ্ন তোলেনি। তবে কেউ তুললে তিনি সরকারের অবস্থান জানাবেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা কেউই চাই না নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টিতে কোনো গণমাধ্যম উসকানি দিক।’
পররাষ্ট্রমন্ত্রী জানান, ১৭ মে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক হবে। এ বৈঠকে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে দ্বিপক্ষীয় সব বিষয়ে আলোচনা হবে। এ ছাড়া সাভারের বিয়োগান্তক ঘটনার পর সরকারের নেওয়া পদক্ষেপের বিষয়েও আলোচনা হবে।
পররাষ্ট্রমন্ত্রীর ১২ মে যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা রয়েছে।