অভিযান পাটের বস্তার, গুরুত্ব পেল মূল্যতালিকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোট ১৭টি পণ্য সংরক্ষণ, সরবরাহ ও মোড়কীকরণে পাটজাত মোড়কের ব্যবহার বাধ্যতামূলকের অংশ হিসেবে আজ সোমবার বিশেষ অভিযান পরিচালনা করেছে পাট অধিদপ্তর। দুপুরে রাজধানীর কারওয়ান বাজার ও রেলওয়ে মার্কেটে অভিযান পরিচালনা করা হয়। এ সময় পণ্যের মূল্যতালিকা না রাখার বিষয়টি বেশি তদারকি করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মশিউর রহমান।

পূর্বনির্ধারিত ঘোষণা অনুসারে আজ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। বেলা একটায় অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছিল পাট অধিদপ্তর। পরে অভিযান শুরু হয় বেলা দুইটায়। ভ্রাম্যমাণ আদালত কারওয়ান বাজারের কিচেন মার্কেটে অভিযান শুরু করেন। সেখানে প্রথমে একজন চিড়া, মুড়ি ও ঝোলা গুড় বিক্রেতাকে মূল্যতালিকা না রাখার বিষয়ে প্রশ্ন করেন আদালত। পরে দোকানটির বিষয়ে কোনো সিদ্ধান্ত দেননি আদালত।

এরপর মেসার্স যমুনা স্টোর নামের একটি মুদি দোকানে গিয়ে আদালত পণ্যের মূল্যতালিকা দেখতে পাননি। এ সময় দোকানের কর্মচারী পণ্যের মূল্যতালিকা টাঙান। মূল্য তালিকা না রাখা ও পাটের বস্তার ব্যবহার না করার জন্য ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক মাসের কারাদণ্ড দেন আদালত।

সতেরোটি পণ্য সংরক্ষণ ও পরিবহনে পাটের বস্তা ব্যবহার নিশ্চিত করতে সোমবার থেকে বিশেষ অভিযান শুরু করেছে পাট অধিদপ্তর। ছবিটি রাজধানীর কারওয়ান বাজার থেকে তোলা। ছবি: সাইফুল ইসলাম
সতেরোটি পণ্য সংরক্ষণ ও পরিবহনে পাটের বস্তা ব্যবহার নিশ্চিত করতে সোমবার থেকে বিশেষ অভিযান শুরু করেছে পাট অধিদপ্তর। ছবিটি রাজধানীর কারওয়ান বাজার থেকে তোলা। ছবি: সাইফুল ইসলাম

দোকানটির পাশেই প্লাস্টিকের বস্তায় চিনি, আটা-ময়দা ও লবণ সংরক্ষণ করা ছিল। আদালত সেখানে গিয়ে কাউকে খুঁজে পাননি। এ সময় ইসলামিয়া শান্তি সমিতির সাধারণ সম্পাদক মো. লোকমান হোসেন ঘটনাস্থলে উপস্থিত হন। আদালত তাঁকে বলেন, এসব দোকানের লোকজন কোথায়? পরে আদালতকে লোকমান হোসেন আশ্বাস দেন যে শিগগিরই এসব পণ্যে পাটের বস্তার ব্যবহার করা হবে। তখন আদালত একটি দোকানের মালিককে মূল্যতালিকা টাঙানোর কথা বলে কারওয়ান বাজারের ওপর তলা ও নিচতলার যেসব দোকানে প্লাস্টিকের বস্তায় পণ্য মজুত রাখা হয়েছে, সেখানে না গিয়ে কিচেন মার্কেট ত্যাগ করেন।

ওপরের এবং অন্যান্য দোকানে কেন অভিযান চালালেন না—প্রশ্নের জবাবে নির্বাহী ম্যাজিস্ট্রেট মশিউর রহমান বলেন, ‘তাঁরা এক সপ্তাহ সময় চেয়েছেন। তাই সেখানে অভিযান পরিচালনা করা হয়নি।’

এরপরই আদালত পাশের রেলওয়ে মার্কেটে যান। সেখানে কুমিল্লা রাইস এজেন্সি ও জনতা রাইস নামের দুটি দোকানকে প্লাস্টিকের বস্তা রাখার দায়ে পাঁচ হাজার করে মোট ১০ হাজার টাকা জরিমানা করেন। এ সময় আদালত চার-পাঁচটি প্লাস্টিকের বস্তা রাস্তার ওপর পুড়িয়ে অভিযান শেষ করেন।

পরে এই দোকানগুলোর সামনে এক সংক্ষিপ্ত ব্রিফিংয়ে আদালত বলেন, সামনে রমজান উপলক্ষে বাজার সহনশীল আছে। আজকের অভিযানের মাধ্যমে পাটের বস্তার ব্যবহারের বিষয়ে ‘৯০ শতাংশ’ সফলতা অর্জন করা গেছে। এরপরও বাকি যেসব দোকানে সরকারের সিদ্ধান্ত বাস্তবায়ন করা হয়নি, সেসব দোকানে আগামী এক সপ্তাহের মধ্যে পাটের বস্তার ব্যবহার নিশ্চিত করবে ব্যবসায়ী সমিতি। না করলে আগামী সপ্তাহে আবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।

যদিও ভ্রাম্যমাণ আদালতের দাবির সত্যতা পাওয়া যায়নি। বাজারের সবচেয়ে বড় আড়তের প্রায় সব দোকানে প্লাস্টিকের বস্তায় নির্ধারিত ১৭টি পণ্য মজুত রাখা হয়েছে। সেসব দোকানে কোনো অভিযান চালানো হয়নি। কিছু কিছু দোকান মালিক আদালতের উপস্থিতি টের পেয়ে দোকানের বিদ্যুৎ–সংযোগ বন্ধ করে দোকান ফেলে চলে গেছেন। পরে আদালত সেসব দোকানের মালিককে উপস্থিত করার কোনো চেষ্টা করেননি।

অভিযানের বিষয়ে পাট অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) মো. লোকমান হোসেনে বলেন, ভ্রাম্যমাণ আদালতের অনেক বিষয়ে এখতিয়ার থাকে। সে জায়গা থেকে তিনি পণ্যের মূল্যতালিকাও তদারকি করেছেন। পাটের বস্তার বিষয়ে তো তেমন কিছু করলেন না আদালত, এ প্রশ্নের জবাবে লোকমান হোসেন বলেন, ‘যা হয়েছে আমিও দেখেছি, আপনিও দেখেছেন। আদালতের কর্মকাণ্ডের বিষয়ে মন্তব্য করতে পারব না। তবে আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছি।’

অভিযানে পাট অধিদপ্তরের পরিদর্শক আবদুর রউফ ও অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।