অভিযান শুরু, জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার অবৈধ ইটভাটাগুলোতে অভিযান শুরু করেছেন পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা।

গতকাল মঙ্গলবার সকালে পরিবেশ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের কর্মকর্তারা নির্বাহী হাকিম ও পুলিশ নিয়ে জেলার আমতলী উপজেলায় অভিযান চালিয়ে তিনটি ভাটার ড্রাম-চিমনি ভেঙে দেন এবং ভাটার সব মালামাল জব্দ করেন। এ সময় তিনটি ভাটাকে ৫০ হাজার টাকা করে দেড় লাখ টাকা জরিমানা করা হয়। 

পরিবেশ অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের পরিচালক সুকুমার বিশ্বাস বিকেলে প্রথম আলোকে বলেন, বরগুনার অবৈধ ইটভাটায় অভিযান অব্যাহত থাকবে এবং সব অবৈধ ভাটা বন্ধ করা হবে।

২৫ জানুয়ারি প্রথম আলোয় ‘সাড়ে চার লাখ মণ কাঠ পোড়ে বরগুনার ইটভাটাগুলোতে’ শিরোনামে প্রতিবেদন প্রকাশের পর জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের কর্মকর্তারা এসব ভাটায় অভিযান চালানোর সিদ্ধান্ত নেন। অভিযানে অংশ নেওয়া কর্মকর্তারা জানান, অভিযানের সময় অবৈধ চিমনি ও কাঠ পোড়ানোর দায়ে হিজুবুল্লাহ ব্রিকস, মুন্নু ট্রেডার্স ও মা ব্রিকস নামে তিনটি ভাটার ড্রাম-চিমনি ভেঙে সব মালামাল জব্দ করা হয়। একই সঙ্গে প্রত্যেক ভাটার মালিককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়।

জেলা প্রশাসনের নির্বাহী হাকিম কল্যাণ চৌধুরী, পরিবেশ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মকবুল হোসেন, আমিনুল ইসলাম অভিযানে অংশ নেন।