অভিযান সত্ত্বেও ইলিশের উৎপাদন বাড়েনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাটকা নিধন বন্ধ অভিযানে সরকারের প্রতিবছর ব্যয় হচ্ছে ৪০ লাখ টাকা। কিন্তু বিভিন্ন নিরাপত্তা সংস্থাকে সম্পৃক্ত করে পরিচালিত এই অভিযান সত্ত্বেও গত বছর দেশে ইলিশের উৎপাদন বাড়েনি। ২০১০-১১ অর্থবছরে ইলিশের উৎপাদন ছিল তিন লাখ ৪০ হাজার টন। ২০১১-১২ অর্থবছরেও একই পরিমাণ ইলিশ ধরা পড়েছে।ইলিশ রক্ষা কার্যক্রম উপলক্ষে গতকাল সোমবার আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানানো হয়। রাজধানীর মৎস্য ভবনে আয়োজিত এই সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব উজ্জ্বল বিকাশ দত্ত বলেন, প্রচুর ইলিশ সরকারের অগোচরে পাচার হয়ে যাচ্ছে। এ কারণে নদ-নদীতে ইলিশ ও জাটকার উৎপাদন বাড়লেও তা সরকারের হিসাবে আসছে না।প্রধান প্রজনন মৌসুমে দেশের বিভিন্ন এলাকার প্রায় সাত হাজার বর্গকিলোমিটার এলাকায় ইলিশ ও জাটকা ধরা নিষিদ্ধ করে ‘মা ইলিশ রক্ষা কার্যক্রম’ শুরু উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক নাসিরউদ্দিন মো. হুমায়ুন এবং বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) চেয়ারম্যান পিউস কস্তা।লিখিত বক্তব্যে মৎস্যসচিব বলেন, ইলিশের উৎপাদন বাড়াতে ১৭টি জেলার বিভিন্ন উপজেলায় আজ ২৫ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত ১১ দিন ইলিশ মাছ ধরা নিষিদ্ধ করা হয়েছে। এই জেলাগুলো হলো: ভোলা, পটুয়াখালী, ঝালকাঠি, বরিশাল, পিরোজপুর, লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম, কক্সবাজার, চাঁদপুর, মাদারীপুর, শরীয়তপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, বরগুনা ও বাগেরহাট। এ সময় ইলিশ রক্ষা ও উন্নয়নের মাধ্যমে ‘মা ইলিশ রক্ষা কর্মসূচি’ বাস্তবায়নে এসব জেলাসহ সারা দেশে ইলিশ মাছ ধরা, সংরক্ষণ, বাজারজাতকরণ ও পরিবহন নিষিদ্ধ করা হয়েছে। এই ১১ দিন ইলিশ মাছের প্রজননস্থলে নৌবাহিনী, কোস্টগার্ড, র‌্যাব ও পুলিশ এবং স্থানীয় প্রশাসন যৌথভাবে ঝটিকা অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবে। বিমানবাহিনীর বিশেষ দলও এ সময় এসব এলাকায় আকাশপথে টহল দেবে।সচিব বলেন, পূর্ণিমার রাতসহ (৩০ সেপ্টেম্বর) আগের ও পরের রাতে নদীর মোহনা ও খাঁড়িগুলোতে যৌথ অভিযান পরিচালনা করা হবে। এই তিন দিন ও রাতে ইলিশ মাছ নদীর মোহনায় ডিম পাড়ে। তিনি বলেন, গত অর্থবছরে প্রায় ছয় হাজার ১৭৩ মেট্রিক টন ইলিশ রপ্তানি করে প্রায় ২৯৪ কোটি টাকা আয় হয়েছে। আগের অর্থবছরে আট হাজার ৫৩৯ মেট্রিক টন ইলিশ রপ্তানি করে প্রায় ৩৫৩ কোটি টাকা আয় হয়েছিল। তিনি কারেন্ট জাল দিয়ে ইলিশ ধরা বন্ধের আহ্বান জানান।সচিব বলেন, ওই ১১ দিন মৎস্য অবতরণকেন্দ্রের নিকটবর্তী বরফকলগুলো ও মাছ ধরার নৌকার চলাচল বন্ধ থাকবে। তিনি ওই ১১ দিন জাটকা খাওয়া থেকে বিরত থাকার জন্য ভোক্তাদের প্রতি আহ্বান জানান।