অভিযানে একটু স্বস্তি, এখনই ফিরছে না শহরে আশ্রিতরা
‘সাতক্ষীরায় যৌথ বাহিনীর অভিযান শুরু হওয়ার পর জনমনে একটু স্বস্তি ফিরে আসতে শুরু করেছে। হয়তো শিগগিরই আশ্রিত মানুষেরা নিজ নিজ বাড়িতে ফিরতে শুরু করবেন।’ এই আশাবাদ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফিরোজ আহমেদের।
বাড়ি ফেরার পরিবেশ এখনো তৈরি হয়নি বলে মনে করেন সাতক্ষীরা সদর উপজেলার আগরদাড়ি গ্রামের শ্যামল কুমার ঘোষাল। শ্যামল গতকাল প্রথম আলোকে বলেন, গত ২৬ নভেম্বর অবরোধের প্রথম রাতে হামলা হয় তাঁর কাকা গোপালচন্দ্র ঘোষালের বাড়িতে। দোতলা বাড়ির দুটি গ্রিল ভেঙে হামলাকারীরা সত্তরোর্ধ্ব গোপালকে ধরে বাড়ির উঠোনে এনে জবাই করতে উদ্যত হয়। বাড়ির মহিলাদের অনুনয়-বিনয়ে গোপালকে ছেড়ে দেওয়া হলেও বাড়িতে ব্যাপক ভাঙচুর চালানো হয়। ঘটনার পর গোপাল সাতক্ষীরা শহরে আশ্রয় নিলেও তাঁর স্ত্রী ছিলেন গ্রামে। ১২ ডিসেম্বর রাতে কাদের মোল্লার ফাঁসি কার্যকর হওয়ার পর আবারও তাঁদের বাড়িতে হামলা ও আগুন দেওয়া হয়। শ্যামল কুমার ঘোষাল বলেন, কবে যে আবার পরিবার-পরিজন নিয়ে গ্রামে ফিরে যাওয়া যাবে তা বলা মুশকিল।
সাতক্ষীরা জেলার আক্রান্ত গ্রামগুলো থেকে শহরে এসে আশ্রয় নিয়েছে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায় ও আওয়ামী লীগের নেতা-কর্মী-সমর্থকদের কয়েক শ পরিবার। এর বেশির ভাগ সাতক্ষীরা শহরে আশ্রয় নিয়েছে।
এই দলে আছেন একজন পল্লি চিকিৎসক। বহু বছর ধরে দল-মত-ধর্ম-বর্ণনির্বিশেষে এলাকার মানুষকে সেবা করে আসছেন। বিশ্বাস ছিল, আর যাই হোক তিনি আক্রান্ত হবেন না। ১২ ডিসেম্বর রাতে তাঁর সে বিশ্বাসেই যেন হামলা হলো।
জামায়াত নেতা কাদের মোল্লার ফাঁসি কার্যকরের খবর প্রচার হওয়ার কয়েক ঘণ্টা পর রাত দেড়টায় হামলা হলো তাঁর বাড়িতে। তাঁকে শারীরিকভাবে নির্যাতন করা হয়। ঘরে আগুন দেওয়া হলো। পরিবার-পরিজন নিয়ে রাতের আঁধারে তিনি পালিয়ে এলেন সাতক্ষীরা শহরে। স্বজনের আশ্রয়ে কাটছে অনিশ্চিত সময়।
গতকাল মঙ্গলবার দুপুরের পর প্রথম আলোর কাছে ওই রাতের ঘটনা বর্ণনার পর জানতে চান, ‘এসব লিখে কী হবে? দোহাই লাগে, আমার নামধাম লিখবেন না। আমাকে গ্রামে ফিরে যেতে হবে। হামলাকারীদের কাউকেই চিনতে পারিনি। আবারও যে হামলা হবে না, তার নিশ্চয়তা কে দেবে?’
অভিযানে কিছুটা আশ্বস্ত হলেও এখনই গ্রামে ফিরে যাওয়ার চিন্তা করতে পারছেন না সুভাষ ঘোষও। দেবহাটার গাজীরহাটে ছিল তাঁদের সুরম্য দোতলা একটি বাড়ি। ওই বাড়িতে তাঁরা পাঁচ ভাই পরিবারের ২১ জন সদস্যকে নিয়ে বাস করতেন। ১৩ ডিসেম্বর সকালে গান পাউডার ছড়িয়ে আগুন ধরিয়ে দিল হামলাকারীরা। এক কাপড়ে বাড়ি ছেড়েছেন সবাই। দেবহাটা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সুভাষ ঘোষ তাঁর ২১ সদস্যের পরিবার নিয়ে এখন কোথায় আছেন তা জানাতেও নারাজ।
গ্রামছাড়া হয়েছেন অনেক আওয়ামী লীগ নেতাও। আত্মগোপনে আছেন আগরদাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাবিবুর রহমান ও যুগ্ম-সাধারণ সম্পাদক নজরুল ইসলাম। তাঁদের ওপর দফায় দফায় হামলা হয়েছিল বলে জানান নজরুল। সর্বশেষ ৫ ডিসেম্বর নিজ বাড়িতে গুলি করে হত্যা করা হয় নজরুলের বড় ভাই সিরাজুল ইসলামকে। তাঁদের বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে, লুটপাট হয়েছে তাঁদের ব্যবসাপ্রতিষ্ঠান। নজরুল বর্তমানে সাতক্ষীরা শহরে থাকলেও হাবিবুর এখন কোথায় আছেন তা জানাতে পারেননি।
পুলিশ ও স্থানীয় সূত্রের বরাত দিয়ে ২৭ দিন ধরে প্রকাশ করা গণমাধ্যমের খবরে দেখা যায়, এই জেলায় পিটিয়ে, কুপিয়ে বা জবাই করে আওয়ামী লীগের ১০ জন নেতা-কর্মীকে হত্যা করেছে জামায়াত-শিবির। এ ছাড়া অবরোধকারীদের কেটে ফেলা গাছের নিচে পড়ে এক নারী নিহত হন এবং স্থানীয় এক আওয়ামী লীগের কর্মীর নয় বছরের শিশুপুত্রকে তুলে নিয়ে গুলি করে হত্যা করা হয়। একই সময় হিন্দু সমপ্রদায় ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের ৭০টি বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়। ফলে আতঙ্কিত মানুষ ঘরবাড়ি ছাড়তে শুরু করেন। এ পরিস্থিতিতে গত রোববার রাত থেকে নাশকতার শিকার এ জেলায় যৌথ বাহিনীর অভিযান শুরু হয়েছে।