অভিযানে কোটি টাকার জমি দখলমুক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার পৌরসভার বড়বাজার এলাকায় গতকাল বুধবার ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে কোটি টাকা মূল্যের জমি দখলমুক্ত করেছেন। এ সময় বড়বাজার মৎস্য ব্যবসায়ী কল্যাণ সমিতির কার্যালয়সহ বিভিন্ন দোকান উচ্ছেদ করা হয়।
উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোজাম্মেল হক। এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার সচিব মো. সামছুদ্দিনসহ পুলিশের সদস্যরা।
ম্যাজিস্ট্রেট মোজাম্মেল হক বলেন, পৌরসভা কর্তৃপক্ষের অভিযোগের ভিত্তিতে অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করা হয়েছে। দখলমুক্ত জমি পৌরসভা কর্তৃপক্ষের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। কাগজপত্রে এই জমির মালিক পৌরসভা।
পৌরসভার জমি দখল করে কার্যালয় স্থাপনের বিষয়ে বড়বাজার মৎস্য ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সরওয়ার আলম বলেন, সমিতির কার্যালয় নির্মাণের জন্য জমিটি বরাদ্দ চেয়ে পৌরসভা কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে। আবেদনের পক্ষে কয়েকজন পৌর কাউন্সিলর সুপারিশও করেন। মেয়রের মৌখিক নির্দেশে তাঁরা কার্যালয়টি নির্মাণ করেন।
এ বিষয়ে পৌরসভার সচিব মো. সামছুদ্দিন বলেন, সাপ্তাহ খানেক আগে পৌরসভার জমি দখল করে টিনের কার্যালয় স্থাপন করে ‘বড়বাজার মৎস্য ব্যবসায়ী কল্যাণ সমিতি’। এই জমিতে কার্যালয় কিংবা কোনো স্থাপনা নির্মাণের অনুমতি বা বরাদ্দ পৌরসভা কর্তৃপক্ষ কাউকে দেয়নি।