অভিযানে ‘ওরা ১১ জন’
রাজশাহীর চারঘাট উপজেলার বনকিশোর গ্রামের স্বেচ্ছাসেবী সংগঠন ‘ওরা ১১ জন’ গতকাল শুক্রবার ১১ নভেম্বর উপলক্ষে ধূমপানবিরোধী চিকিৎসাসেবা দেয়। সংগঠনের নামের সঙ্গে ২০১১ সালের ১১ মাসের ১১ তারিখ মিলে যাওয়ায় গতকাল সারা দিন সংগঠনের সদস্যরা বিনা মূল্যে চক্ষু চিকিৎসা ও ডায়াবেটিস পরীক্ষার মাধ্যমে ধূমপান-বিরোধী অভিযান পরিচালনা করেন। বনকিশোর গ্রামে সংগঠনের পাঠাগার চত্বরে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। রাজশাহী থেকে বনকিশোর গ্রামে গিয়ে চক্ষু চিকিৎসক আনোয়ার হোসেন ও তহুরুল ইসলাম এবং ডায়াবেটিস পরীক্ষার জন্য টেকনিশিয়ান মেহেদী হাসান এই সেবা দেন। ২৬০ জন রোগীর চক্ষু পরীক্ষা করে ব্যবস্থাপত্র দেওয়া হয়। একইভাবে বন কিশোর গ্রামের ১০০ জন মানুষের ডায়াবেটিস পরীক্ষা করা হয়। সংগঠনের ব্যবস্থাপক জাহিদুল ইসলাম জানান, প্রায় ছয় মাস ধরে তাঁরা গ্রামকে ধূমপান মুক্তকরণ অভিযানে নেমেছেন। এর আগে কিছুটা অগ্রগতি হয়েছিল। কিন্তু গত ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময় প্রার্থীদের বিড়ি ও সিগারেট বিতরণের কারণে তাঁদের আন্দোলন বেশ ক্ষতিগ্রস্ত হয়। এরপর তাঁরা ১১ নভেম্বরের সূত্র ধরে চিকিৎসাসেবার মাধ্যমে ধূমপান ছাড়ার এই অনুষ্ঠানের আয়োজন করেন। তিনি বলেন, এতে তারা বেশ সাড়া পেয়েছেন। চারঘাটে ওরা ১১ জন ১০ বছর ধরে গ্রামে শতভাগ স্যানিটেশন, বৃক্ষরোপণ, বই পড়ার আন্দোলন, মাদকবিরোধী অভিযান পরিচালনা, রাস্তাঘাট সংস্কারসহ বিভিন্ন ধরনের সেবামূলক কাজ করে যাচ্ছে। এবার সংগঠনের সদস্যরা বনকিশোর গ্রামকে ধূমপানমুক্ত করার আন্দোলনে নেমেছেন।