অভিযানের জন্য সাড়ে তিন হাজার ভবন চিহ্নিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর সোবহানবাগ মসজিদের পেছনে গতকাল অবৈধ বাণিজ্যিক স্থাপনা উচ্ছেদে অভিযান চালায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। দিনভর এ অভিযানে ভেঙে ফেলা হয় সোবহানবাগ সেন্টার নামের একটি স্থাপনা l ছবি: প্রথম আলো
রাজধানীর সোবহানবাগ মসজিদের পেছনে গতকাল অবৈধ বাণিজ্যিক স্থাপনা উচ্ছেদে অভিযান চালায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। দিনভর এ অভিযানে ভেঙে ফেলা হয় সোবহানবাগ সেন্টার নামের একটি স্থাপনা l ছবি: প্রথম আলো

উচ্ছেদ অভিযানের জন্য রাজধানীর ৩ হাজার ৬০০টি স্থাপনা চিহ্নিত করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। তবে গত চার দিনে এ অভিযানের জন্য গঠিত তিনটি বিশেষ দল ধানমন্ডি, গুলশান ও উত্তরার মাত্র ১২৭টি স্থাপনার বিরুদ্ধে অভিযান চালাতে পেরেছে। প্রতিদিনের কার্যক্রম শুরু করতেও দেরি হচ্ছে।
জানতে চাইলে রাজউকের সদস্য (উন্নয়ন নিয়ন্ত্রণ) মো. আসমাউল হোসেন প্রথম আলোকে বলেন, অভিযান যে খানিকটা ধীরগতিতে হচ্ছে, এটা অস্বীকার করা যাবে না। এর কিছু কারণও রয়েছে। প্রতিদিন অভিযান শুরুর আগে ভিন্ন ভিন্ন জায়গা থেকে ম্যাজিস্ট্রেট, পুলিশ, শ্রমিক এবং যন্ত্রসহ সংশ্লিষ্ট কয়েকটি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের এক করার একটি বিষয় থাকে। এ জন্য অভিযান শুরু করতেই বেশ দেরি হয়ে যায়।
এ পরিস্থিতি থেকে উত্তরণের জন্য সবগুলো দলের সমন্বয়ে শিগগিরই একটি পর্যালোচনা বৈঠক করা হবে জানিয়ে আসমাউল হোসেন আরও বলেন, ‘গত কয়েক দিনের কার্যক্রম পর্যালোচনা করে আমরা প্রথমে সমস্যাগুলো চিহ্নিত করার চেষ্টা করব। সে অনুসারে কাজে কীভাবে আরও গতি আনা যায়, সে ব্যাপারে পদক্ষেপ নেওয়া হবে।’
সর্বশেষ গতকাল বৃহস্পতিবার গুলশানে পরিচালিত চতুর্থ দিনের অভিযানে তিনটি সড়কে ১২টি ভবনের গাড়ি ওঠা-নামার পথ বা র্যাম্প ভেঙে দেওয়া হয়। এ ছাড়া ৮ নম্বর সড়কের দুটি ভবনে ভূতলের পার্কিংয়ের জায়গায় খাবার ও পোশাকের দোকান থাকায় সেগুলো গুঁড়িয়ে দেওয়ার পাশাপাশি প্রতিষ্ঠান দুটিকে দুই লাখ টাকা করে জরিমানাও করা হয়।
গুলশানের উচ্ছেদ কার্যক্রম পরিচালিত হচ্ছে রাজউকের জোন-৪-এর অথরাইজড অফিসার মো. আদিলউজ্জামানের তত্ত্বাবধানে। প্রথম আলোকে তিনি জানান, গত চার দিনে তাঁরা মাত্র ৫৭টি ভবনে অভিযান চালাতে পেরেছেন। ভবনের র্যাম্প ও বেসমেন্টের স্থাপনা উচ্ছেদের পাশাপাশি তাঁরা কয়েকটি প্রতিষ্ঠানকে নয় লাখ টাকা জরিমানাও করেছেন।
উত্তরার উচ্ছেদ অভিযানের তত্ত্বাবধানে থাকা জোন-২-এর অথরাইজড অফিসার মো. মিজানুর রহমান জানান, চার দিনে উত্তরার তিনটি সেক্টরে তাঁরা ৫০টি ভবনে উচ্ছেদ অভিযান চালিয়েছেন। এর মধ্যে গতকাল সারা দিন কুশল সেন্টার নামের একটি বিপণিবিতানের বেসমেন্টে দেড় শর মতো দোকান ভেঙে ফেলা হয়।
এদিকে জোন-৫-এর অথরাইজড অফিসার এ জেড এম শফিউল হান্নান ধানমন্ডির উচ্ছেদ অভিযান সম্পর্কে বলেন, ধানমন্ডিতে এ পর্যন্ত মোট ২০টি ভবনে অভিযান চালানো হয়েছে। শেষ দিনে ১৪ নম্বর সড়কে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলের বেসমেন্টে স্থাপিত একটি সম্মেলনকক্ষ সিলগালা করে দেওয়া হয়। এ ছাড়া সোবহানবাগে গাড়ি পার্কিংয়ের জায়গা না রেখে গড়ে ওঠা একটি মার্কেটের ১৫টি দোকান উচ্ছেদের পাশাপাশি ২৫ নম্বর সড়কে একটি ভবনের বেসমেন্টে অবস্থিত বিএফসি নামের একটি ফাস্ট ফুডের দোকান ভেঙে দেওয়া হয়। জরিমানা করা হয় এক লাখ টাকা।