অভিযানের নামে চলছে টার্গেট কিলিং: খন্দকার মাহবুব

বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন অভিযোগ করেছেন, সাম্প্রতিক বিরোধী দলের আন্দোলন দমনের জন্য সরকার বিভিন্ন জেলায় যৌথ বাহিনীর অভিযান পরিচালনা করছে। এর মধ্য দিয়ে টার্গেট কিলিং চলছে।
আজ বৃহস্পতিবার দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির মিলনায়তনে এক সংবাদ সম্মেলন ও মতবিনিময় অনুষ্ঠানে খন্দকার মাহবুব হোসেন এই অভিযোগ করেন।
খন্দকার মাহবুব হোসেন আরও অভিযোগ করে বলেন, ‘যৌথ বাহিনীর অভিযানের খবর সংগ্রহ করার জন্য সাংবাদিকদের যেতে দেওয়া হচ্ছে না। তাহলে এটা কি একাত্তরের ছাব্বিশে মার্চের মতো গোপন কোনো অভিযান? আমাদের কাছে অভিযোগ এসেছে, যৌথ বাহিনীর অভিযানের আড়ালে আওয়ামী লীগ সরকারের সন্ত্রাসী বাহিনী বিরোধী দলের অনেক নেতা-কর্মীর গায়ে বন্দুক ঠেকিয়ে হত্যা করেছে। অধিকাংশ অভিযান চালানো হচ্ছে রাতের বেলায়। চলছে টার্গেট কিলিং।’
বিএনপির চেয়ারপারসনের এই উপদেষ্টা বলেন, সহিংসতার প্রকৃত ঘটনা অনুসন্ধানে দেশের নিরপেক্ষ সাংবাদিক, মানবাধিকার কর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হচ্ছে। অনেকেই ইতিমধ্যে ব্যাপক সহিংসতার শিকার নোয়াখালী, লক্ষ্মীপুর, সাতক্ষীরা, নীলফামারীসহ বিভিন্ন জেলায় তথ্য সংগ্রহ করতে গিয়েছেন।
নির্বাচন কমিশনের উদ্দেশে এই আইনজীবী বলেন, ‘একদলীয় নির্বাচন আয়োজনের পথ থেকে সরে আসুন। সরকারের তল্পিবাহকের ভূমিকা পালন করে সাংবিধানিক প্রতিষ্ঠানকে কলঙ্কিত করবেন না।’
একতরফা তফসিল ঘোষণার কারণে সারা দেশে সহিংসতা ছড়িয়ে পড়েছে। গণমাধ্যমে প্রকাশিত তথ্যে দেখা যায়, তফসিল ঘোষণার পর সহিংসতায় সারা দেশে ১১১ জন নিহত হয়েছে। নতুন করে তফসিল ঘোষণা করে সব দলের অংশগ্রহণ নিশ্চিত করতে কমিশনের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
অনুষ্ঠানে বাংলাদেশ বার কাউন্সিল, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি, বাংলাদেশে ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন এবং বুদ্ধিজীবী ও পেশাজীবী নেতৃবৃন্দের আয়োজনে এ সংবাদ সম্মেলন ও মতবিনিময় সভার আয়োজন করা হয়।