অভিযানের নামে বিচারবহির্ভূত হত্যা শুরু : বাম মোর্চা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গণতান্ত্রিক বাম মোর্চা দাবি করেছে, জনগণের ওপর হামলাকারীদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উল্লেখযোগ্য কোনো সাফল্য নেই। বরং অভিযানের নামে বিরোধীদলীয় নেতা-কর্মীদের বিচারবহির্ভূত হত্যার ঘটনা আবার শুরু হয়েছে।
রাজধানীর তোপখানা রোডে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে গতকাল বৃহস্পতিবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটি এ দাবি করে।
বাম মোর্চার সমন্বয়ক জোনায়েদ সাকি লিখিত বক্তব্যে বলেন, সরকার বিরোধী দলের রাজনৈতিক কর্মকাণ্ডের ওপর নিষেধাজ্ঞা জারি করে নিজেই সহিংসতার পথ উন্মুক্ত করেছে। সরকার চলমান রাজনৈতিক সংকটের বিষয়কে আড়াল করে ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি’র নামে দমন-পীড়নে নিয়োজিত হয়েছে। সরকারের মন্ত্রীরা ‘যুদ্ধ ঘোষণা’, ‘দেখামাত্র গুলির নির্দেশ’ ইত্যাদি বলে সহিংসতার আগুনে ঘি ঢালছে।
লিখিত বক্তব্যে বলা হয়, ৫ জানুয়ারির স্বৈরতান্ত্রিক, একতরফা নির্বাচনকে পুঁজি করে যেকোনো মূল্যে ক্ষমতা ধরে রাখতে সরকার মরিয়া। সরকার তার কর্মকাণ্ডের বৈধতা পাওয়ার জন্য যুদ্ধাপরাধীদের বিচার ও জঙ্গিবাদ দমনের দোহাই দিচ্ছে। গণতন্ত্রকে যুদ্ধাপরাধীদের বিচার ও উন্নয়নের বিপরীত হিসেবে দাঁড় করিয়ে একদলীয় শাসন সৃষ্টির চেষ্টা করছে।
এদিকে সভা-সমাবেশের ওপর নিষেধাজ্ঞা ও সহিংসতায় মানুষ হত্যার প্রতিবাদে আগামী ২৬ জানুয়ারি সারা দেশে বিক্ষোভ সমাবেশ করার ঘোষণা দিয়েছে গণতান্ত্রিক বাম মোর্চা।