অভিযানের পর ঝাঁজ কমল পেঁয়াজের
রাজশাহীতে বাজার মনিটরিং দলের অভিযানের পর পেঁয়াজের দর কেজিপ্রতি ২০ থেকে ২৫ টাকা করে কমে এসেছে। গতকাল শনিবার দুপুরে রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসকের নেতৃত্বে একটি বাজার মনিটরিং দল নগরের সাহেববাজার মাস্টারপাড়া এলাকায় অভিযান চালায়।
ওই দলের নেতৃত্ব দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আ ন ম বজলুর রশীদ। ওই সময় জেলা মার্কেটিং কর্মকর্তা শামীমুল হকসহ কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
দলটির বাজারে প্রবেশের খবর মুহূর্তেই পৌঁছে যায় বিক্রেতাদের কাছে। সঙ্গে সঙ্গে পেঁয়াজের দাম কেজিতে ২০ থেকে ২৫ টাকা নেমে আসে। অভিযান চলাকালে মনিটরিং দলের সদস্যরা বিক্রেতাদের কাছে প্রতি কেজি পেঁয়াজের দাম জানতে চান।
বিক্রেতারা প্রতি কেজি দেশি পেঁয়াজ ৯৫ টাকা এবং ভারতীয় পেঁয়াজ ৮৫ টাকায় বিক্রি হচ্ছে বলে জানান। অথচ আগের দিন শুক্রবার রাজশাহীতে দেশি পেঁয়াজ ১১০ টাকা কেজি দরে বিক্রি হয়।