অভিযানের পর পদ্মায় আরও তিনটি বাঁধ!
রাজবাড়ী সদর ও গোয়ালন্দে পদ্মা নদীতে বাঁশের বাঁধ দিয়ে মাছ শিকার এখনো বন্ধ হয়নি। প্রশাসনের কর্মকর্তারা অভিযান চালিয়ে অপসারণ করেছেন, এমন তিনটি স্থানে এক সপ্তাহের মধ্যেই বাঁধ নির্মাণ করা হয়েছে। একই সঙ্গে নতুন করে নির্মাণ করা হয়েছে আরও তিনটি বাঁধ। এভাবে সব মিলিয়ে বাঁশের তৈরি ৯-১০টি বাঁধ দিয়ে একটি প্রভাবশালী চক্র মাছ শিকার করছে। এতে নৌযান চলাচল ব্যাহত হচ্ছে। সরেজমিন ঘুরে দেখা গেছে, রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া থেকে পাংশা উপজেলার সেনগ্রাম পর্যন্ত পদ্মা নদীর প্রায় ৪০ কিলোমিটার এলাকা ইলিশ ও পাঙ্গাশ মাছের চারণক্ষেত্র হিসেবে পরিচিত। বিভিন্ন সময় ক্ষমতাসীন দলের ছত্রচ্ছায়ায় একটি সংঘবদ্ধ চক্র এসব এলাকায় বাঁশের আড়াআড়ি বাঁধ তৈরি করেছে এবং তাতে কারেন্ট, ফাঁস, সুতিসহ বিভিন্ন ধরনের জাল ব্যবহার করে মাছ শিকার ও ডিম আহরণ করছে। সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের চর বেনীনগর, সেলিমপুর, চর সেলিমপুর, গোদারবাজার মৌকুরী, চর কাঠুরিয়া ও গোয়ালন্দের রাখালগাছি, অন্তারমোড় পুরুলী, দৌলতদিয়ার ডাকাতপাড়া ও বাহিরচর দৌলতদিয়ায় বাঁশের বাঁধ দিয়ে মাছ শিকার করতে দেখা যায়। এর মধ্যে চর সেলিমপুর, গোদারবাজার মৌকুরী ও ডাকাতপাড়া থেকে অপসারণ করার পর পুনরায় বাঁধ দেওয়া হয়েছে। আবার চর বেনীনগর, সেলিমপুর ও চর কাঠুরিয়ায় নতুন করে বাঁধ নির্মাণ করা হয়েছে। গোদারবাজার মৌকুরী এলাকার বাঁধের কাছে গিয়ে পাবনার সুজানগর উপজেলার সাগরকান্দি এলাকার জেলে নেপাল হালদারকে (৫০) পাওয়া যায়। তিনি জানান, তাঁরা আট-নয়জন প্রায় পাঁচ লাখ টাকা খরচ করে বাঁধটি করেছেন। ২৮ জানুয়ারি তাঁদের বাঁধটি স্থানীয় প্রশাসন এসে কেটে দিয়ে যায়। আবার কী করে এই বাঁধ দিলেন—এমন প্রশ্নের জবাবে বলেন, সদর উপজেলা মৎস্য কর্মকর্তা সুশীল কুমার মণ্ডলের সঙ্গে আলোচনা করে আট-নয় দিন পরই বাঁধ দিয়েছি। চর সেলিমপুর এলাকার বাঁধে গিয়ে পাওয়া যায় রাজবাড়ী অঞ্চলের নিকবার আলীকে। তিনি বলেন, তাঁর সঙ্গে পাবনার লক্ষ্মণ হালদার, গণেশ হালদারসহ আটজন মিলে প্রায় তিন লাখ টাকা দিয়ে বাঁধটি করেছেন। গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের রাখালগাছি, অন্তারমোড় পুরুলী ও দৌলতদিয়া ইউনিয়নের ডাকাতপাড়া ও বাহিরচর দৌলতদিয়া এলাকায় স্থানীয় আরমান মণ্ডল, নজো, নজরুল, পাবনার রমা হালদার, ধীরেন হালদার, সিদ্দিক হালদার, ভৈরব হালদার, আরমান হালদার মিলে আরও চারটি বাঁধ দিয়েছেন। রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. এরাদুল হক বলেন, অপসারণের কয়েক দিন পরই পুনরায় বাঁধ তৈরি করে মাছ শিকারের বিষয়টি তিনি কয়েক দিন আগে জানতে পেরেছেন। তিনি জেলা প্রশাসকের সঙ্গে আলোচনা করে আগামী সপ্তাহের মধ্যে বাঁধগুলো অপসারণের জন্য অভিযান চালানোর উদ্যোগ নেবেন । গোয়ালন্দের ইউএনও মো. নাসির উদ্দীন বলেন, প্রথম অলোয় সংবাদ প্রকাশের পর অভিযান চালিয়ে একটি বাঁধ অপসারণ করা হয়েছিল। সময়ের অভাবে বাকি বাঁধগুলো অপসারণ করা সম্ভব হয়নি। আগামী সপ্তাহের মধ্যেই অভিযানে নামার চিন্তা-ভাবনা আছে। জেলা মৎস্য কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, পুনরায় নদীতে বাঁশের বাঁধ দেওয়ার ব্যাপারে মৎস্য বিভাগের কোনো কর্মকর্তা জড়িত থাকলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সদর উপজেলা মৎস্য কর্মকর্তা সুশীল কুমার মণ্ডল জানান, কোনো জেলে তাঁর সঙ্গে আলোচনা করে পদ্মা নদীতে বাঁশের বাঁধ দেয়নি। এ প্রসঙ্গে তিনি কিছু জানেন না।