অভিযানের পরও বদলাচ্ছে না খান এ সবুরের নাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উচ্চ আদালতের নির্দেশনার পর খুলনা নগরের বিভিন্ন প্রতিষ্ঠানের সাইনবোর্ড থেকে যুদ্ধাপরাধী খান এ সবুরের নাম মুছে ফেলতে অভিযান অব্যাহত রেখেছে সিটি করপোরেশন। কিন্তু এখনো শতাধিক প্রতিষ্ঠানে রয়ে গেছে নামটি। এর মধ্যে সরকারি প্রতিষ্ঠানও রয়েছে।
খান এ সবুর সড়কের নাম পরিবর্তন করে যশোর রোড করার জন্য ৫ নভেম্বর থেকে নিয়মিত প্রচারণা চালাচ্ছে খুলনা সিটি করপোরেশন কর্তৃপক্ষ। ১৫ নভেম্বর থেকে ম্যাজিস্ট্রেটের মাধ্যমে অভিযান চালিয়ে সাইনবোর্ড থেকে ওই নাম মুছে ফেলা হচ্ছে। তবে এখন পর্যন্ত কাউকে জরিমানা করা হয়নি।
গতকাল রোববার সড়কটির কাস্টমঘাট থেকে বয়রা এলাকা পর্যন্ত ঘুরে দেখা যায়, অনেক প্রতিষ্ঠানের সাইনবোর্ডে খান এ সবুরের নাম কালো কালি দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। আবার অনেক প্রতিষ্ঠানেই নামটি এখনো রয়ে গেছে। এর মধ্যে রয়েছে রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংকের খুলনা বিভাগীয় কার্যালয়ও। এ বিষয়ে রূপালী ব্যাংক-সংশ্লিষ্ট এক কর্মকর্তা বলেন, ব্যাংকের সাইনবোর্ড অনেক আগের করা। তাই নামটি রয়ে গেছে। আলোচনা সাপেক্ষে নাম পরিবর্তনের কাজ চলছে।
পাকিস্তান আমলের যোগাযোগমন্ত্রী খান এ সবুর ছিলেন বাংলাদেশের স্বাধীনতার ঘোর বিরোধী। যুদ্ধাপরাধী ও পাকিস্তানি হানাদার বাহিনীর শীর্ষস্থানীয় এ নেতা মারা যান ১৯৮২ সালে। ১৯৮৪ সালে তৎকালীন খুলনা পৌরসভার চেয়ারম্যান সিরাজুল ইসলাম খুলনা-যশোর রোডের নাম পরিবর্তন করে খান এ সবুর করার জন্য মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠান। ওই বছরের ১২ অক্টোবর স্থানীয় সরকার বিভাগ নাম পরিবর্তন করে পরিপত্র জারি করে। খুলনার কাস্টমঘাট থেকে ফুলবাড়ী গেট পর্যন্ত প্রায় ১৩ কিলোমিটার সড়কের নাম যশোর রোড থেকে পরিবর্তন করে রাখা হয় খান এ সবুর রোড।
২০১২ সালের ১৩ মে এই নাম পরিবর্তনের বিরুদ্ধে উচ্চ আদালতে রিট করেন লেখক-সাংবাদিক শাহরিয়ার কবির ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুনতাসীর মামুন। ২৫ আগস্ট আদালত সড়কটির নাম আগের যশোর রোড রাখার পক্ষে রায় দেন। সেই আদেশে উল্লেখ আছে, মুক্তিযুদ্ধবিরোধীদের নামে যেসব সড়ক ও স্থাপনার নামকরণ হয়েছে, তা বাতিল করতে হবে।
চলতি বছরের ২৫ অক্টোবর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা গোকুল চন্দ্র ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠিত করপোরেশনের ৪৬তম সাধারণ সভায় সড়কটির নাম যশোর রোড রাখার প্রস্তাব গৃহীত হয় এবং সে অনুযায়ী মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়। ৩ নভেম্বর হাইকোর্ট বিভাগ নাম পরিবর্তনের বিষয়ে কেন কোনো কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়নি, তা জানাতে সংশ্লিষ্ট সব বিভাগকে নির্দেশ দেন। এরপর ৫ নভেম্বর থেকে নাম পরিবর্তনের জন্য প্রচারণা শুরু করে সিটি করপোরেশন। স্থানীয় ও জাতীয় পত্রিকায় নাম পরিবর্তনের জন্য বিজ্ঞাপনও দেওয়া হয়।
সাইনবোর্ড থেকে নাম মুছে ফেলা ও প্রচারণার কাজটি করছেন সিটি করপোরেশনের সহকারী কনজারভেন্সি অফিসার এস কে এম তাছাদুজ্জামান। তিনি গত শনিবার প্রথম আলোকে বলেন, নাম মুছে ফেলার ব্যাপারে কাজ চলছে। ইতিমধ্যে এক হাজারের বেশি প্রতিষ্ঠানের সাইনবোর্ড থেকে নামটি মুছে ফেলা হয়েছে। কেউ কেউ নিজ দায়িত্বে নাম মুছে ফেলার প্রতিশ্রুতি দিয়েছেন। এ কারণে অনেক প্রতিষ্ঠানে এখনো নামটি রয়ে গেছে। তা ছাড়া মইয়ের তুলনায় অনেক সাইনবোর্ডের উচ্চতা বেশি হওয়ায় তা মুছে ফেলা সম্ভব হয়নি। তবে তাঁদের তিন দিনের মধ্যে মুছে ফেলতে বলা হয়েছে।
সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট কে এম জহুরুল আলম বলেন, নাম মুছে ফেলার কাজ চলছে। এখনো যাঁরা মুছে ফেলেননি, কয়েক দিনের মধ্যে তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।