অভিযান-আতঙ্কে বাস কম, যাত্রীদের দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভ্রাম্যমাণ আদালত ফিটনেস সনদবিহীন যানবাহনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করার পর থেকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে যাত্রীবাহী বাসের সংখ্যা কমে গেছে। সড়কে পর্যাপ্তসংখ্যক বাস না থাকায় যাত্রীদের দুর্ভোগ বেড়ে গেছে। ১১ নভেম্বর থেকে এ অবস্থা চলছে।
গত তিন দিন সকাল থেকে দুপুর পর্যন্ত ময়মনসিংহের নান্দাইল উপজেলার বিভিন্ন বাসস্ট্যান্ড ঘুরে দেখা গেছে, অনেক যাত্রী বাসের অপেক্ষায় দাঁড়িয়ে থাকছেন। প্রায় এক ঘণ্টা পর পর একটি বাস অতিরিক্ত যাত্রী নিয়ে এসে স্ট্যান্ডে থামছে। যাত্রী নামছেন কম। বাসে ওঠার জন্য হুড়োহুড়ি শুরু হলে বাসগুলো যাত্রী না তুলেই চলে যাচ্ছে। এতে করে নারী ও বৃদ্ধ যাত্রীরা বেশি দুর্ভোগে পড়েন। ১১ নভেম্বর অভিযান শুরু হওয়ায় আগে এই সড়কে ১২০টির মতো বাস চলাচল করত। এখন অর্ধেকসংখ্যক বাস চলাচল করে।
খামারগাঁও গ্রামের বাসিন্দা স্কুলশিক্ষক সাথী রানী দেব জানান, গত বৃহস্পতিবার বেলা একটার দিকে তিনি ময়মনসিংহ যাওয়ার জন্য নান্দাইল নতুনবাজার বাসস্ট্যান্ডে আসেন। এক ঘণ্টা অপেক্ষা করার পর তিনি বাসে ওঠার সুযোগ পান।
বাঁশহাটি গ্রামের লাল মিয়া জানান, গতকাল শুক্রবার সকাল নয়টার দিকে তিনি ভৈরব যাওয়ার জন্য নান্দাইল চৌরাস্তার বাসস্ট্যান্ডে এসে দাঁড়ান। কিন্তু সড়কে বাস কম নামানোয় তিন ঘণ্টা অপেক্ষা করার পরও তিনি ভৈরবগামী কোনো বাসে উঠতে পারেননি। শেষে তিনি সিএনজিচালিত অটোরিকশায় ভৈরব যাওয়ার সিদ্ধান্ত নেন।
নান্দাইল বাস মালিক-শ্রমিক সমিতির সভাপতি আবুল কাশেম বলেন, আগে ১৫-২০ মিনিট পর পর বাসস্ট্যান্ডে বাস থামত। এখন বাস চলাচল কমে গেছে।
কিশোরগঞ্জ জেলা সড়ক পরিবহন সমিতির সাধারণ সম্পাদক মো. আলমগীর মুরাদ বলেন, এই সড়ক দিয়ে ময়মনসিংহ, কিশোরগঞ্জ ও ভৈরবে প্রায় ১২০টির মতো বাস চলাচল করে। ভ্রাম্যমাণ আদালতের কাছে বৈধতার কাগজপত্র প্রদর্শন করতে পারবে না, এই ভয়ে অনেকেই সড়কে বাস নামাচ্ছেন না। এ ছাড়া সনদপ্রাপ্ত চালকও পাওয়া যাচ্ছে না।
ময়মনসিংহ জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. শামসুল আলম তালুকদার বলেন, এই সড়কে চলাচলকারী বাসগুলোর ফিটনেস সনদ থাকলেও চাঁদাবাজির শিকার হয়, না থাকলেও হয়। ফিটনেস না থাকায় সম্প্রতি তাঁদের সমিতির প্রায় ৩০টি বাসকে ভ্রাম্যমাণ আদালত জরিমানা করেছেন। ফিটনেস সনদ ছাড়া ওই বাসগুলো আর সড়কে নামানো যাবে না।
ময়মনসিংহ জেলা বাস শ্রমিক সমিতির সভাপতি মো. নজরুল ইসলাম বলেন, ‘সড়কে অবৈধ যানবাহনে যাত্রী পরিবহন করার কারণে আমাদের (বাসের) পরিবহন ব্যবসা হুমকির মুখে পড়েছে। এ ছাড়া অধিকাংশ চালকই তেমন লেখাপড়া জানেন না। দালাল ধরে চালকদের জন্য লাইসেন্স সংগ্রহ করতে হয়। এতে যথাসময়ে আমরা লাইসেন্স পাই না।’
নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ফরাজী জানান, চালকদের লাইসেন্স ও ফিটনেস সনদ না থাকাসহ বিভিন্ন কারণে তাঁরা ২০টি বাসের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। তাঁদের অভিযান অব্যাহত থাকবে।