অভিযুক্ত কর্মকর্তাদের সঙ্গে নিয়ে পেট্রোবাংলার তদন্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানির (পিজিসিএল) কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে অর্থের বিনিময়ে অবৈধ সংযোগ দেওয়াসহ বিভিন্ন অনিয়মের তদন্ত গতকাল রোববার শুরু করেছে তিন সদস্যের পেট্রোবাংলার তদন্ত দল। তবে অভিযুক্ত ব্যক্তিদেরও তদন্ত দলের সঙ্গে রাখায় তদন্তের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
তদন্ত দল সূত্রে জানা যায়, গতকাল দলের প্রধান পেট্রোবাংলার প্রশাসন বিভাগের ঊর্ধ্বতন মহাব্যবস্থাপক নূরুল ইসলাম, সদস্যসচিব উপমহাব্যবস্থাপক হারুন ভূঁইয়া ও সদস্য উপমহাব্যবস্থাপক তাজুল ইসলাম কাজ শুরু করেন। তাঁরা পাবনার বেড়া উপজেলার বন্ধু সিএনজি স্টেশনসহ সিরাজগঞ্জের বাঘাবাড়ী ও শাহজাদপুর এলাকার বেশ কিছু আবাসিক সংযোগ পরিদর্শন করেন। অবৈধভাবে মিটার টেম্পারিংয়ের কারণে বন্ধু সিএনজি স্টেশনকে করা ২৭ লাখ টাকা জরিমানা আদায় না করে পুনঃসংযোগ দেওয়া এবং ২৫টি অবৈধ আবাসিক সংযোগে বিধিবহির্ভূতভাবে পুনঃসংযোগ দেওয়ার অভিযোগ তদন্ত করছে দলটি। অভিযুক্ত কর্মকর্তাদের অন্যতম পিজিসিএলের প্রধান কার্যালয়ের বিপণন বিভাগের উপমহাব্যবস্থাপক কামরুজ্জামানও এ সময় দলটির সঙ্গে ছিলেন।
পিজিসিএলের একটি সূত্র জানায়, বিপণন বিভাগের কর্মকর্তা কামরুজ্জামানের বিরুদ্ধে এসব অবৈধ সংযোগ দেওয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। অথচ তিনিই তদন্ত দলকে সহযোগিতা করছেন। তিনি তদন্ত দলের সদস্যদের কৌশলে অন্য সংযোগ দেখিয়ে সময়ক্ষেপণ করছেন।
কামরুজ্জামান অবশ্য বলেন, ‘ফাইলপত্র আমার কাছে থাকায় আমি তদন্ত দলের সঙ্গে কাজ করছি। তদন্ত দলের সদস্যরা যেখানে যেতে চাইছেন, সেখানে নিয়ে যাওয়া হচ্ছে। সিদ্ধান্ত নেওয়ার বিষয়টি তাঁদের। এখানে আমার কোনো ক্ষমতা নেই।’
তদন্ত দলের সদস্যসচিব হারুন ভূঁইয়া বলেন, পরিদর্শন করা সংযোগগুলো থেকে অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে। ফাইলপত্র দেখে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি আরও বলেন, তদন্তকাজে সহযোগিতার জন্য কামরুজ্জামানকে সঙ্গে আনা হয়েছে। তদন্তে পাওয়া তথ্য প্রতিবেদনে উল্লেখ করা হবে। এখানে অনিয়মের কোনো সুযোগ নেই।