অভিযুক্ত চারজনকে দল থেকে বহিষ্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তরুণ ব্যবসায়ী-প্রকৌশলী মেহরান সিদ্দিকী ওরফে সজীব হত্যাকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগ থাকায় চারজনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। জাতীয়তাবাদী ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংস্থার (জাসাস) যৌথ সভা থেকে বহিষ্কারের এ সিদ্ধান্ত হয়। মঙ্গলবার রাতে সিলেট নগরের মিরাবাজারের দলীয় কার্যালয়ে যৌথ সভায় এ সিদ্ধান্ত হয়। সিলেট নগরের শিবগঞ্জ খরাদিপাড়ার বাসা থেকে রোববার রাতে ডেকে নিয়ে মেহরানকে হত্যা করা হয়। মেহরান জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ সিদ্দিকীর কনিষ্ঠ ছেলে। এ ঘটনায় তাঁর বাবা বাদী হয়ে মঙ্গলবার মহানগর পুলিশের শাহপরান থানায় ১০ জনের নাম উল্লেখ করে ১৮ জনকে আসামি করে হত্যা মামলা করেন। মামলায় নাম উল্লেখ করা আসামির তালিকায় শাহপরান থানা জাসাসের আহ্বায়ক একরাম হোসেন, স্বেচ্ছাসেবক দলের কর্মী আবদুল খালিক, ছাত্রদলের কর্মী টিটন মল্লিক ও ইকবাল হোসেনের নাম থাকায় গত মঙ্গলবার রাতে যৌথ সভা করে চারজনকে বহিষ্কার করা হয়। চারজনকে বহিষ্কারসংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফরহাদ চৌধুরীর সভাপতিত্বে যৌথ সভা হয়। জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় তথ্য ও গবেষণা সম্পাদক আবদুল আহাদ খান সভা পরিচালনা করেন। সভায় জেলা স্বেচ্ছাসেবক দলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক নাজিম উদ্দিন লস্কর, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আরিফ ইকবাল, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সদস্য মাসুক আহমদ, জেলা জাসাসের আহ্বায়ক জসিম উদ্দীন, যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলাম সিরাজ, মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মতিউল বারী চৌধুরীর উপস্থিতিতে বহিষ্কারের সিদ্ধান্ত হয়। মেহরান হত্যা মামলায় চারজনের নাম থাকায় ন্যায়বিচারের স্বার্থে দল থেকে বহিষ্কার করা হয়েছে জানিয়ে ফরহাদ চৌধুরী বলেন, এঁদের সঙ্গে দলের সকল পর্যায়ের নেতা-কর্মীকে কোনো ধরনের যোগাযোগ না রাখতে বলা হয়েছে। এই চারজন ছাড়া অন্য অভিযুক্ত ব্যক্তিরা স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, জাসাস বা বিএনপির কোনো পর্যায়ের নেতা-কর্মী নন।