অভিযুক্ত ঠিকাদারি প্রতিষ্ঠানকে ১১ লাখ টাকা জরিমানা
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে টিলা কেটে পুকুর ভরাট করার ঘটনায় ঠিকাদারি প্রতিষ্ঠান ইঞ্জিনিয়ার্স কনসোর্টিয়াম লিমিটেডকে ১১ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। গত বুধবার অধিদপ্তরের এনফোর্সমেন্ট শাখা প্রতিষ্ঠানটিকে এ জরিমানা করে।
গত ২ জুন প্রথম আলোতে ‘টিলা কেটে পুকুর ভরাট’ শীর্ষক একটি সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়। অভিযোগ ওঠার পরিপ্রেক্ষিতে গতকাল বিকেলে ঢাকায় পরিবেশ অধিদপ্তরে তলব করা হয় ওই প্রতিষ্ঠানের কর্মকর্তাদের। এ সময় তাঁরা অপরাধ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেন।
পরিবেশ অধিদপ্তর, ঢাকার সহকারী পরিচালক মুহম্মদ হাফিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সিলেট সদর উপজেলার টিলাগড় এলাকায় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাস নির্মাণে প্রায় ২০ থেকে ২৫ শতাংশ জমির টিলা কাটা হয়েছে। এভাবে অনুমতি ছাড়াই নির্বিচারে টিলা কেটে জীববৈচিত্র্য, পরিবেশ ও প্রতিবেশের অপূরণীয় ক্ষতি করা হয়েছে।
অধিদপ্তরের পরিচালক (মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট) মো. আলমগীর প্রথম আলোকে বলেন, টিলার ওপরের মাটি ও ভূমির প্রাকৃতিক অবস্থা নষ্ট করার অপরাধে দূষণবিরোধী অভিযানের অংশ হিসেবে সংশ্লিষ্টদের ওই জরিমানা করা হয়।