বাগেরহাটের মোরেলগঞ্জে নিখোঁজ হওয়া এক কিশোরীকে (১৬) উদ্ধারের নামে এক যুবকের বাবা ও চাচাকে ধরে এনে নির্যাতন চালিয়েছে কিশোরীর পরিবার। পরদিন গত রোববার তাঁদের স্থানীয় পুলিশ ফাঁড়িতে আটকে রেখে সেখানেও নির্যাতন ও হয়রানি করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। পরে গতকাল সোমবার দুপুরে তাঁদের বিরুদ্ধে অপহরণ মামলা করে মোরেলগঞ্জ থানায় পাঠানো হয়। আটক ওই দুই ব্যক্তির নাম নারায়ণ দত্ত (৬৮) ও বসুদেব দত্ত (৪৫)। তাঁদের বাড়ি মোরেলগঞ্জ উপজেলার বনগ্রাম ইউনিয়নের মোহনপুর গ্রামে। আজ মঙ্গলবার তাঁদের আদালতে পাঠানো হবে। এদিকে সোমবার সন্ধ্যা পর্যন্ত ওই কিশোরী ও যুবকের সন্ধান পাওয়া যায়নি। মেয়েটির বাড়ি একই উপজেলায়। নিখোঁজ কিশোরীর চাচা বলেন, নারায়ণ দত্তের ছেলে সুমন্ত দত্ত (১৯) ঈদের দিন শনিবার বিকেলে তাঁর ভাতিজিকে (১৬) স্থানীয় দৈবজ্ঞহাটি বাজার এলাকা থেকে মোটরসাইকেলে তুলে নিয়ে যান। বিষয়টি জানতে পেরে তাঁরা ওই দিন রাতে সুমন্তের বাবা ও কাকাকে মেয়েকে ফিরিয়ে দিতে চাপ দেন। একপর্যায়ে মেয়ে উদ্ধার না হওয়ায় সোমবার সকালে তাঁদের দুজনকে পুলিশে সোপর্দ করা হয়। মেয়েকে উদ্ধারে ব্যর্থ হয়ে তাঁর বাবা সোমবার দুপুরে সুমন্ত, তাঁর বাবা-মা, কাকা, বোন ও ভগ্নিপতিকে আসামি করে মোরেলগঞ্জ থানায় অপহরণ মামলা করেন। তিনি সুমন্তের বাবা ও চাচাকে মারধর করার অভিযোগ অস্বীকার করে বলেন, ‘মেয়ে ফেরত পেলে আমরা এখনো মামলা প্রত্যাহার করতে রাজি।’ আটক নারায়ণ দত্তের ছোট ভাই শচীন দত্ত মেয়েটির পরিবারের বিরুদ্ধে তাঁর দুই ভাইকে ধরে নিয়ে মারধর করা এবং পুলিশকে প্রভাবিত করে বিনা মামলায় দুই দিন পুলিশ ফাঁড়িতে আটকে রেখে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ করেছেন। মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসলাম উদ্দিন বলেন, স্থানীয়ভাবে মেয়েটিকে উদ্ধারের চেষ্টা করতে গিয়ে মেয়ে ও ছেলেপক্ষ কিছুটা বিলম্ব ঘটিয়েছে। পুলিশ আইনানুগ পদক্ষেপ নিয়েছে। মানবাধিকার লঙ্ঘনের কোনো ঘটনা ঘটেনি।