নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় অবৈধ সম্পর্কের কারণে জন্ম নেওয়া নবজাতককে নির্জন স্থানে ফেলে দেওয়ার ঘটনায় জড়িত থাকার অভিযোগে অবশেষে আবু তাহেরকে আটক করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে পুলিশ অভিযান চালিয়ে উপজেলার গড়াডোবা ইউনিয়নের রামপুর গ্রামের বাড়ি থেকে তাঁকে আটক করে।এদিকে তাহেরের ওপর ধার্য করা জরিমানার আড়াই লাখ টাকা গতকাল শুক্রবার মাতব্বরদের হাতে তুলে দেওয়ার কথা ছিল। কিন্তু এর আগেই তাহের ধরা পড়ায় মাতব্বরেরা আপসোস করছেন বলে জানা গেছে।থানা পুলিশ ও সংশ্লিষ্ট সূত্র জানায়, যুবক ও তরুণীকে তিন লাখ টাকা জরিমানার ঘটনা জানতে পেরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে পুলিশকে নির্দেশ দেয়। এ পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার রাতে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) মো. আলমগীর শেখের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত আবু তাহেরকে আটক করে থানায় নেয়।ওসি মো. আলমগীর শেখ গতকাল বিকেল পাঁচটার দিকে প্রথম আলোকে বলেন, আবু তাহেরকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। গত বৃহস্পতিবার প্রথম আলোয় ‘যুবক ও তরুণীকে তিন লাখ টাকা জরিমানা, দুই লাখ টাকা নেবেন মাতব্বরেরা! শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়।