অভিযুক্ত দুই বখাটে গ্রেপ্তার, আটক ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের বিয়ানীবাজারের চারখাই ইউনিয়নে এসএসসি উত্তীর্ণ দুই বোনকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত দুই বখাটেকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ গতকাল মঙ্গলবার বিয়ানীবাজারের পাশের কানাইঘাটের বড়দেশ গ্রাম থেকে ওই দুজনকে গ্রেপ্তার করা হয়৷ এ ছাড়া অভিযুক্তদের পালাতে সহায়তাকারী এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
গ্রেপ্তার বখাটেরা হলেন বড়দেশ গ্রামের সেলিম উদ্দিন (২৮) ও ছয়ফুর রহমান (৩০)।
পুলিশ সূত্রে জানা গেছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সেলিম ও ছয়ফুর ধর্ষণের কথা স্বীকার করেছেন৷ তাঁদের তথ্যের ভিত্তিতে পালিয়ে থাকা আরও তিন ধর্ষণকারীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
পুলিশ জানায়, গত সোমবার রাতে নজরুল ইসলাম (৪৫) নামের এক ব্যক্তিকে গ্রামবাসী ধরে পুলিশে দেয়। ওই ব্যক্তি মামলার এজহারভুক্ত ১ নম্বর আসামির চাচা। তাঁর বিরুদ্ধে ধর্ষণকারীদের পালাতে সহায়তার অভিযোগ রয়েছে। সোমবার রাত নয়টার দিকে তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তিনি ধর্ষণকারীদের পালাতে সহায়তার কথা স্বীকার করেন ও তাদের বর্তমান অবস্থান সম্পর্কে তথ্য দেন। এ তথ্যের ভিত্তিতে গতকাল সকালে অভিযান চালিয়ে সেলিম ও ছয়ফুরকে গ্রেপ্তার করা হয়।
গত রোববার ভোরে সিঁধ কেটে ঘরে ঢুকে মুখোশ পরা কয়েকজন বখাটে মা-বাবাকে বেঁধে রেখে দুই মেয়েকে ধর্ষণ করে। তারা সিলেট ওসমানী মেডিকেল কলেজের ওসিসিতে চিকিৎসাধীন রয়েছে। পরে এ ঘটনায় তাদের বাবা মামলা করেন৷
বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, গ্রেপ্তার হওয়া দুজনকে আজ বুধবার আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড চাওয়া হবে।
সিলেটে আজ মানববন্ধন: ওই দুজনের ধর্ষণকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ (বুধবার) সিলেটে মানববন্ধন করবে সিলেটে নির্যাতিত নারীদের অধিকার রক্ষায় কর্মরত সামাজিক সংগঠন ‘এসিড সন্ত্রাস নির্মূল কমিটি’ (এসনিক)। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, আজ দুপুর ১২টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ মানববন্ধন হবে৷
এদিকে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্র সিলেট কার্যালয় গতকাল এক যৌথ বিবৃতিতে ওই ঘটনার নিন্দা জানিয়ে অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি জানায়।