বগুড়ার সরকারি অজিজুল হক কলেজের ছাত্রলীগের নেতা ইব্রাহীম হোসেন হত্যার ঘটনায় নুরুল ইসলামের বিরুদ্ধে কোনো সাংগঠনিক ব্যবস্থা নেয়নি যুবলীগ। এ ঘটনায় কলেজ ছাত্রলীগের নেতারা ক্ষোভ প্রকাশ করেছেন।
নুরুল ইসলাম বগুড়া শহরের ২ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক। রিকশাভাড়া নিয়ে বিতণ্ডার জের ধরে গত ২৯ সেপ্টেম্বর বগুড়ার সরকারি আজিজুল হক কলেজের পুরোনো ভবন এলাকায় কলেজ ছাত্রলীগের নেতা-কর্মীদের সঙ্গে বগুড়া শহরের ২ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ও তাঁর সহযোগীদের মধ্যে বিরোধ হয়। এ সময় প্রতিপক্ষের ছুরিকাঘাতে ছাত্রলীগের ইব্রাহীম হোসেন খুন হন।
ইব্রাহীম হত্যার ঘটনায় তাঁর চাচা হারুনুর রশিদ বাদী হয়ে নুরুল ইসলামকে প্রধান আসামি করে ১৬ জনের নাম উল্লেখসহ আরও ১০ থেকে ১২ জনকে অজ্ঞাত দেখিয়ে সদর থানায় একটি হত্যা মামলা করেন।
ইব্রাহীম হত্যার প্রতিবাদে ছাত্রলীগ মিছিল ও সমাবেশ করে। এ সময় কলেজের নতুন ভবনের সামনে কলেজ ছাত্রলীগের নেতাদের হাতে লাঞ্ছিত হন স্টেডিয়াম ফাঁড়ির উপপরিদর্শক আল মামুন। জ্বালিয়ে দেওয়া হয় তাঁর মোটরসাইকেল। এ ঘটনায় বেনজির আহমেদকে প্রধান আসামি করে ১ অক্টোবর বগুড়া সদর থানায় মামলা করে পুলিশ। ২৫ অক্টোবর কেন্দ্রীয় ছাত্রলীগের এক জরুরি সিদ্ধান্তে কলেজ শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয় এবং কলেজ কমিটির সভাপতি বেনজির আহমেদকে ছাত্রলীগ থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়।
ঘটনার পর কেন্দ্রীয় ছাত্রলীগের চার সদস্যের তদন্ত কমিটির প্রতিবেদনে যুবলীগের নেতা নুরুল ইসলাম এবং তাঁর বাহিনীর হামলায় ইব্রাহীম খুন হয়েছেন বলে উল্লেখ করা হয়েছে। তবে যুবলীগ এখনো নুরুল ইসলামের বিরুদ্ধে সাংগঠনিক কোনো ব্যবস্থা নেয়নি।
এ বিষয়ে বগুড়া জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বলেন, ছাত্রলীগের নেতা ইব্রাহীম হত্যার ঘটনায় ওয়ার্ড যুবলীগের নেতা নুরুল ইসলামের জড়িত থাকার অভিযোগ ওঠায় তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার জন্য শহর কমিটিকে বলা হয়েছে।