হবিগঞ্জের বাহুবল উপজেলায় চার শিশু হত্যা মামলায় অভিযুক্ত পাঁচ আসামির জামিন নামঞ্জুর করেছেন আদালত। হবিগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালত গতকাল বৃহস্পতিবার এ আদেশ দেন।
এদিকে এ হত্যা মামলার অভিযোগপত্র গ্রহণের বিষয়ে ২০ জুন শুনানির দিন ধার্য করেছেন বিচারক।
আদালত-সংশ্লিষ্ট সূত্র জানায়, চার শিশু হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া সাত আসামি গতকাল আদালতে জামিন চেয়ে আবেদন করেন। তাঁরা হলেন গ্রাম পঞ্চায়েত নেতা আবদুল আলী, তাঁর দুই ছেলে জুয়েল মিয়া ও রুবেল মিয়া এবং তাঁদের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত আরজু মিয়া , ছায়েদ আলী , ছালেহ আহমেদ ও বশির মিয়া। সবার বাড়ি উপজেলার সুন্দ্রাটিকি গ্রামে। আদালতের বিচারক শুনানি শেষে প্রথম পাঁচজনের জামিন নামঞ্জুর করেন। তবে ছালেহ আহমেদ ও বশির মিয়াকে জামিন দেন। আদালতে পুলিশের দেওয়া অভিযোগপত্রে এ দুজনের নাম না থাকায় তাঁদের জামিন মঞ্জুর হয়েছে বলে জানা গেছে।