অভিযুক্ত পুলিশ সদস্যদের বিরুদ্ধে মামলা হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এ কে এম শহীদুল হক
এ কে এম শহীদুল হক

সাম্প্রতিক কয়েকটি ঘটনায় অভিযুক্ত পুলিশ সদস্যদের বিরুদ্ধে বিভাগীয় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক। তিনি বলেন, ইতিমধ্যে অভিযুক্ত পুলিশ সদস্যদের সাময়িক বরখাস্ত করা হয়েছে।
পুলিশের সাবেক ডিআইজি শফিক উল্লাহর লেখা এক পুলিশের ডায়েরি গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইজিপি এসব কথা বলেন। গতকাল শনিবার দুপুরে রাজধানীর ঢাকা ক্লাবে এই অনুষ্ঠান হয়।
গত মাসে পুলিশের দুজন কর্মকর্তার বিরুদ্ধে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা গোলাম রাব্বী এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পরিদর্শক বিকাশ চন্দ্র দাসকে নিপীড়নের অভিযোগ ওঠে। রাজধানীর আদাবর থানার একজন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে হেনস্তা করার অভিযোগের সত্যতাও পেয়েছে বিচার বিভাগীয় তদন্ত কমিটি। এ ছাড়া ৩ ফেব্রুয়ারি মিরপুরে চা-দোকানি বাবুল মাতবরকে পুড়িয়ে মারার ঘটনায় শাহ আলী থানার তৎকালীন ওসিসহ পাঁচ পুলিশ সদস্যের দায়িত্বে অবহেলার প্রমাণ পায় পুলিশেরই গঠিত দুটি তদন্ত কমিটি।