টাঙ্গাইলের সখীপুর উপজেলায় আদিবাসী গৃহবধূকে ধর্ষণ মামলার প্রধান আসামি ছিলেন হেলাল উদ্দিন। ওই মামলায় তাঁকে হাজতবাস করতে হয়নি। গ্রেপ্তারের আগেই গত ১২ আগস্ট তিনি হাইকোর্ট থেকে জামিন পান। এদিকে হেলালকে মারধরের অভিযোগে পাল্টা মামলা করেছিলেন তাঁর ভাই। বর্তমানে ওই মামলায় জেলহাজতে থাকতে হচ্ছে ধর্ষিতার দুই স্বজনকে। টাঙ্গাইলের বিচারিক হাকিম ‘গ অঞ্চল’ আদালত ৯ সেপ্টেম্বর তাঁদের জামিন আবেদন নামঞ্জুর করে ২১ সেপ্টেম্বর পরবর্তী তারিখ ধার্য করেছেন।বাংলাদেশ কোচ আদিবাসী সংগঠনের নেতারা জানান, সখীপুর উপজেলার ভোয়াইদ গ্রামের সৌদি আরব-প্রবাসী কোচ সম্প্রদায়ের এক আদিবাসীর স্ত্রীকে গত ১৭ জুলাই রাতে একই গ্রামের হেলাল উদ্দিন ঘরে ঢুকে জোর করে ধর্ষণ করে। গৃহবধূর চিৎকারে আশপাশের লোকজন এসে হেলালকে হাতেনাতে ধরে পিটুনি দেয়। খবর পেয়ে হেলালের স্বজনেরা এসে স্থানীয় কয়েকজন রাজনৈতিক নেতার সহায়তায় ওই রাতেই তাঁকে ছাড়িয়ে নেয়।আদিবাসী নেতারা জানান, আদিবাসী ওই গৃহবধূকে পরদিন টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা শেষে গত ১৯ জুলাই তিনি হেলালের বিরুদ্ধে সখীপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত ২০০৩)-এর ৯-এর (১) ধারায় মামলা করেন। কিন্তু পুলিশ তাঁকে গ্রেপ্তার করতে পারেনি। উল্টো তাঁকে মারধরের অভিযোগে ভাই হালিম মিয়া ধর্ষিতার তিন স্বজনের বিরুদ্ধে টাঙ্গাইল বিচারিক হাকিম আদালতে মামলা করেন। সখীপুর থানার পুলিশ ১ সেপ্টেম্বর মামলাটি নথিভুক্ত করেন। মামলার আসামি ও ধর্ষিতার তিন স্বজন ৬ সেপ্টেম্বর টাঙ্গাইল বিচারিক হাকিম ‘গ অঞ্চল’ আদালতে আত্মসমর্পণ করেন। আদালত একজনের জামিন আবেদন মঞ্জুর করে অন্য দুজনকে জেলহাজতে পাঠানোর আদেশ দেন। ওই দুই আসামি ৯ সেপ্টেম্বর আবার জামিনের আবেদন করেন। আদালত নামঞ্জুর করে ২১ সেপ্টেম্বর পরবর্তী তারিখ ধার্য করেন।গৃহবধূকে ধর্ষণ ও হেলালকে মারধরের মামলার তদন্ত কর্মকর্তা সখীপুর থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান বলেন, ‘ধর্ষণের ঘটনায় হেলালকে অভিযুক্ত করে গত ৩০ আগস্ট আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়েছে। কিন্তু এর আগেই ১২ আগস্ট তিনি হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন। এখানে আমাদের করার কিছু নেই।’