অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শরীয়তপুরে স্কুলছাত্রীকে আট দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগে করা মামলার আসামি আনোয়ার হোসেনের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন করা হয়েছে। গতকাল রোববার জেলার ছয়টি উপজেলা সদরে বেসরকারি সংস্থা শরীয়তপুর ডেভেলপমেন্ট সোসাইটির (এসডিএস) গার্ল পাওয়ার প্রকল্পের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। বেলা ১১টা থেকে দুপুর ১২ পর্যন্ত চলা এ কর্মসূচিতে স্থানীয় শিক্ষার্থীরাসহ সামাজিক বিভিন্ন সংগঠনের কর্মীরা অংশ নেন। ধর্ষণের শিকার হওয়া ওই ছাত্রীর ভাই অভিযোগ করেন, প্রকাশ্যে ঘুরে বেড়ালেও আসামি আনোয়ারকে পুলিশ গ্রেপ্তার করছে না। এদিকে মামলা তুলে নেওয়ার জন্য আনোয়ার তাঁদের হুমকি দিচ্ছেন। অভিযোগ অস্বীকার করে গোঁসাইরহাট থানার উপপরিদর্শক (এসআই) আবদুল ওয়াদুদ খান বলেন, আনোয়ারকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।গোঁসাইরহাট থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, ১ জানুয়ারি আনোয়ার ওই ছাত্রীকে অপহরণ করে অজ্ঞাত স্থানে আটকে রেখে তাকে ধর্ষণ করেন। ৮ জানুয়ারি রাতে অসুস্থ অবস্থায় মেয়েটিকে উদ্ধার করা হয়। ১০ জানুয়ারি গোঁসাইরহাট থানায় মেয়েটির ভাই বাদী হয়ে মামলা করেন।