মৌলভীবাজারের বড়লেখায় নিহত মাদ্রাসাছাত্র সানোয়ার হোসেনের হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ তুলে এক ব্যক্তির বাড়িতে গতকাল মঙ্গলবার অগ্নিসংযোগ করেছে মাদ্রাসাছাত্র ও বিক্ষুব্ধ লোকজন। এদিকে অগ্নিসংযোগের ঘটনায় ভয়ে পালাতে গিয়ে মারা গেছেন এক ব্যক্তি। গত ১৫ এপ্রিল ক্রিকেট খেলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের ব্যাটের আঘাতে সানোয়ার প্রাণ হারায়।এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায়, ইটাউরি দৌলতপুর সিনিয়র মাদ্রাসার নবম শ্রেণীর ছাত্র ছিল সানোয়ার। তার হত্যাকারীকে গ্রেপ্তারের দাবিতে গতকাল ইটাউরি বাজারে প্রতিবাদ সমাবেশ হয়। পরে সমাবেশকারীরা অভিযুক্ত ইটাউরি গ্রামের আজির উদ্দিনের ছেলে আবু সালেহর বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ করে। প্রত্যক্ষদর্শীরা জানায়, হামলার সময় বিক্ষুব্ধদের হাতে দা ও লাঠিসোঁটা ছিল। তারা সালেহর বাড়িতে অগ্নিসংযোগসহ পার্শ্ববর্তী আরও তিনটি ঘর ভাঙচুর ও লোকজনকে লাঞ্ছিত করে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এদিকে ঘটনার সময় গ্রামের সুরমান আলী পালাতে গিয়ে অসুস্থ হয়ে মারা যান। বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অমল কুমার ধর জানান, অগ্নিসংযোগের ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।