শিক্ষিকার বিকৃত ছবি ইন্টারনেটে
অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে উল্টো তাঁকেই নোটিশ
সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলায় এক স্কুলশিক্ষিকার ছবি বিকৃত করে মুঠোফোন ও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। কিন্তু বিদ্যালয় কর্তৃপক্ষ অভিযুক্ত বিদ্যালয়ের কার্যনির্বাহী পরিষদের সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে উল্টো ওই শিক্ষিকাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে। গতকাল বৃহস্পতিবার তাঁকে এ নোটিশ দেওয়া হয়। ওই শিক্ষিকা জানান, ২০১১ সালের ২৩ অক্টোবর শহরের লাবণী মোড় এলাকায় তাঁকে লাঞ্ছিত করে মুঠোফোন ছিনতাই করে কয়েকজন দুর্বৃত্ত। পরে তিনি ২৫ অক্টোবর কালীগঞ্জের পূর্ব নারায়ণপুর গ্রামের সমীর দে ও পাইকগাছার বাকা গ্রামের সুশান্ত করসহ কয়েকজনের নামে সদর থানায় মামলা করেন। ১৯ ফেব্রুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা মাহবুবুর রহমান আসামিদের নামে অভিযোগপত্র দাখিল করেন। সমীর দে জামিনে মুক্তি পাওয়ার পর তাঁর বাবা সুভাষ দে ও বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য আবদুল হামিদ তাঁকে (শিক্ষিকা) মামলা তুলে নিতে হুমকি ও অকথ্য ভাষায় গালিগালাজ করেন। ১ মার্চ তাঁদের বিরুদ্ধেও কালীগঞ্জ থানায় তিনি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এতে ক্ষিপ্ত হয়ে হামিদের নেতৃত্বে সমীর দে, হীরালাল বিশ্বাস, কার্তিক সরকার, দেবহাটার নাংলা গ্রামের ইয়াসিন আলী তাঁকে চাকরিচ্যুত এবং সমঞ্চানহানি করার হুমকি ও ভয় দেখান। ২৩ জুন ওই ব্যক্তিরা তাঁর ছবির সঙ্গে অন্য পুরুষের ছবি বিকৃত করে ইন্টারনেট ও মুঠোফোনে ছড়িয়ে দেন। পরে ওই ব্যক্তিদের বিরুদ্ধে ২৮ জুন তিনি কালীগঞ্জ থানায় মামলা করেন। এ ঘটনায় হামিদ ও কার্তিককে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাঁরা জামিন পান।ওই শিক্ষিকা আরও জানান, গতকাল বিদ্যালয়ে গেলে প্রধান শিক্ষক আ ফ ম লুৎফর রহমান স্বাক্ষরিত একটি কারণ দর্শানোর নোটিশ তাঁকে ধরিয়ে দেওয়া হয়। নোটিশে বলা হয়, তাঁর বিরুদ্ধে বিদ্যালয়ের ছাত্রছাত্রী, অভিভাবক ও এলাকাবাসীর নানা অভিযোগের ভিত্তিতে ১৪ আগস্ট বিদ্যালয়ের কার্যনির্বাহী সভায় তাঁকে কারণ দর্শানোর নোটিশ পাঠানোর সিদ্ধান্ত হয়। সাত দিনের মধ্যে তাঁকে এর জবাব দিতে বলা হয়েছে। ওই শিক্ষিকার অভিযোগ, হামিদের বিরুদ্ধে মামলা ও পুলিশ তাঁকে গ্রেপ্তার করায় বিদ্যালয় কর্তৃপক্ষ তাঁকে (শিক্ষিকা) বরখাস্ত করতে প্রাথমিক ব্যবস্থা হিসেবে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে।নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ছাত্রছাত্রী জানায়, ওই শিক্ষিকা ভালো পড়ান। তাঁর বিরুদ্ধে তাদের কোনো অভিযোগ নেই। বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোসলেম আলী জানান, ওই শিক্ষিকার নীতি-নৈতিকতা ভালো বলেই তিনি জানেন। মুঠোফোনে বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমানের সঙ্গে কথা বলার চেষ্টা করা হলে তিনি ফোনটি ধরেননি। তবে হামিদ তাঁর বিরুদ্ধে করা ওই শিক্ষিকার অভিযোগ অস্বীকার করে বলেন, ওই শিক্ষকের আচরণ নিয়ে কর্তৃপক্ষের কাছে বারবার প্রতিবাদ করায় তাঁকে পরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছে।বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ও কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহাদাৎ হোসেন জানান, ওই শিক্ষিকার বিরুদ্ধে এলাকাবাসী, ছাত্রছাত্রী ও অভিভাবকেরা নানা অভিযোগ করেছেন। এ জন্য তাঁর বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়ার জন্য কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।