অভিযুক্ত যুবলীগ নেতাকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

লংগদুতে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত যুবলীগের নেতা ও তাঁর সহযোগীদের গ্রেপ্তার এবং শাস্তির দাবিতে গতকাল বৃহস্পতিবার রাঙামাটি শহরে মানববন্ধন কর্মসূচি ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। পুলিশ কাউকে গ্রেপ্তার করতে না পারলেও ধর্ষিতার পরিবারকে হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
গত রোববার রাতে লংগদু উপজেলা যুবলীগের শিক্ষা ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক জুয়েল মিয়া এক নারীকে মারধর ও ধর্ষণ করেন। এ সময় বাবুল মিয়া ও জয়নাল আবেদীন নামের আরও দুজন তাঁকে সহযোগিতা করেন।
গতকাল সকাল ১০টায় ব্লাস্টের ন্যায়বিচার ফোরাম, গ্রিন হিলের কমিউনিটি লিগ্যাল এইড সার্ভিসেস, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ আন্দোলন, পার্বত্য চট্টগ্রাম এবং উইমেন্স রিসোর্স নেটওয়ার্কের উদ্যোগে রাঙামাটি জেলা প্রশাসন কার্যালয়ের দক্ষিণ ফটকে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচি চলাকালে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ আন্দোলন পার্বত্য চট্টগ্রামের আহ্বায়ক টুকু তালুকদারের সঞ্চালনায় বক্তব্য দেন ব্লাস্টের রাঙামাটি জেলা সমন্বয়কারী জুয়েল দেওয়ান, রাঙামাটি প্রেসক্লাবের সভাপতি সুনীল কান্তি দে, উইমেন্স রিসোর্স নেটওয়ার্কের রাঙামাটি জেলা সমন্বয়কারী নাই উ প্রু মারমা মেরী, আইনজীবী তাসনিম আলম, লংগদু উপজেলার কামলা হোসেন কাইয়ুম প্রমুখ।