অভিযুক্ত রিকশাচালকের বিচার চলছে সেনা আইনে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কচুক্ষেত এলাকায় ঢাকা সেনানিবাসের প্রবেশমুখের রাস্তায় কর্তব্যরত একজন সেনাসদস্যকে কুপিয়ে আহত করার ঘটনায় গ্রেপ্তার হওয়া রিকশাচালক জামিরুল ইসলাম ওরফে মানিকের বিচার হচ্ছে সেনা আইনে।
এ ছাড়া এ ঘটনায় কাফরুল থানায় একটি হত্যাচেষ্টার মামলা হয়েছে। সেই মামলারও তদন্ত চলছে বলে জানিয়েছেন পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার মো. কাইয়ুমুজ্জামান খান। তিনি প্রথম আলোকে বলেন, সেনা আইনে বিচার হলেও কাফরুল থানার মামলায় আদালতে অভিযোগপত্র দেওয়া হবে।
গত বছরের ১০ নভেম্বর কচুক্ষেতে কর্তব্যরত অবস্থায় মিলিটারি পুলিশের (এমপি) সদস্য ল্যান্স কর্পোরাল সামিদুল ইসলামকে কুপিয়ে আহত করা হয়েছিল। এর ছয় দিন পর সেনাবাহিনীর কর্পোরাল ফারুক ভূঁঞা বাদী হয়ে জামিরুলের বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগে কাফরুল থানায় একটি মামলা করেন। এরই মধ্যে আহত সেনাসদস্য সামিদুল সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসা শেষে কর্মস্থলে ফিরে গেছেন।
ঘটনার প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, উল্টোপথে রিকশা চালানোর কারণে ওই চালককে আটকান কর্তব্যরত সেনাসদস্য সামিদুল। এর কিছুক্ষণ পর ওই রিকশাচালক পাশের গলি থেকে বড় একটি ছোরা নিয়ে এসে পেছন থেকে সামিদুলকে কুপিয়ে আহত করেন। এ সময় অদূরে থাকা সামিদুলের সহকর্মীদের ধাওয়ার মুখে হামলাকারী রিকশাচালক দৌড়ে একটি বাড়িতে ঢুকে পড়েন। পরে সেখান থেকে তাঁকে ধরে এনে সেনা হেফাজতে নেওয়া হয়।
কাফরুল থানায় করা মামলায় বলা হয়, সেনাসদস্য সামিদুলকে কর্তব্য পালন থেকে বিরত থাকতে প্ররোচনা প্রচেষ্টার অভিযোগে সেনা আইন ১৯৫২-এর ধারা ২(১), ডি(১) অনুযায়ী তদন্ত ও নিষ্পত্তির লক্ষ্যে সেনা আইনের ধারা ৭৩-এর প্রাধিকারে বেসামরিক ব্যক্তি জামিরুলকে গ্রেপ্তার করে সেনা হেফাজতে অন্তরীণ রাখা হয়েছে। সেনাসদস্যদের জিজ্ঞাসাবাদে জামিরুল ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেন। তাঁর গ্রামের বাড়ি দিনাজপুরের হাকিমপুর উপজেলার চৌধুরীডাঙ্গা পাড়ায়। সেনাসদস্যদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জামিরুল বলেছেন যে তাঁর প্ররোচনায় রাজি না হওয়ায় ক্রোধের বশবর্তী হয়ে তিনি এই ঘটনা ঘটিয়েছেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা কাফরুল থানার পরিদর্শক (তদন্ত) মো. আসলামউদ্দিন প্রথম আলোকে বলেন, সেনা হেফাজতে থাকা জামিরুলের বিচার সেনা আইনে করা হচ্ছে। বিচার শেষে তাঁকে কাফরুল থানায় সোপর্দ করা হবে বলে সেনা কর্তৃপক্ষ বলেছে। বিষয়টি আদালতকেও জানানো হয়েছে। তিনি বলেন, মামলার পারিপার্শ্বিক তদন্ত শেষ হয়েছে। সেনা কর্তৃপক্ষ আসামিকে থানায় হস্তান্তর করলে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে আনা হবে। এরপর দ্রুত অভিযোগপত্র দেওয়া হবে।
এদিকে সেনাসদস্যের ওপর হামলার পর ওই দিন কাফরুল এলাকা থেকে সন্দেহভাজন হিসেবে সাব্বির হোসেন নামে ইসলামী ছাত্রশিবিরের একজন কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁকে পরে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছিল। এখন পুলিশ বলছে, জিজ্ঞাসাবাদে সেনাসদস্যকে হামলার সঙ্গে সাব্বির হোসেনের সম্পৃক্ততা পাওয়া যায়নি। তাঁকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার করা হয়েছিল, এখন তিনি কারাগারে আছেন।