অভিযুক্ত শিক্ষক আটক, অপসারণ ও শাস্তি দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কয়েকজন ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে জীবতলী চেয়ারম্যানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক সহকারী শিক্ষককে আটক করা হয়েছে। এর আগে তাঁর বিরুদ্ধে রাঙামাটি কোতোয়ালি থানায় মামলা দায়ের করা হয়।অভিযুক্ত শিক্ষককে অপসারণ ও শাস্তির দাবিতে বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় যুবসমাজ জেলা প্রশাসন কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে যৌন হয়রানির শিকার এক ছাত্রীর মা বাদী হয়ে বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্টের (ব্লাস্ট) মাধ্যমে রাঙামাটি কোতোয়ালি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। পরে বিকেল চারটার দিকে অভিযুক্ত শিক্ষককে আটক করে থানায় নিয়ে আসা হয়।কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল আলম চৌধুরী শিক্ষককে আটকের সত্যতা নিশ্চিত করেছেন। অপর দিকে সকাল সাড়ে ১০টা থেকে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালনকালে বক্তারা বলেন, এ অপরাধ ক্ষমার অযোগ্য। অভিযুক্ত শিক্ষকের অপরাধ শিক্ষক সমিতির তদন্তে প্রমাণিত হয়েছে। তাঁকে অবিলম্বে অপসারণ ও শাস্তির আওতায় আনতে হবে।মানববন্ধনে অভিভাবকদের পক্ষ থেকে রীতি চাকমা, স্থানীয় যুবসমাজের পক্ষে সোহেল চাকমা ছাড়াও সংহতি প্রকাশ করে বক্তব্য দেন বাংলাদেশ সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের রাঙামাটি জেলা সমন্বয়কারী বোধিস্বত্ব চাকমা, তঞ্চঙ্গ্যা স্টুডেন্ট ওয়েলফেয়ার ফোরামের সভাপতি কৃষ্ণময় চাকমা, বাংলাদেশ মারমা স্টুডেন্ট কাউন্সিলের কেন্দ্রীয় সহসভাপতি উচাচিং মারমা, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের রাঙামাটি জেলা সমন্বয়কারী তনয় ত্রিপুরা প্রমুখ।স্থানীয় অভিভাবক, যুবসমাজ ও বিদ্যালয় পরিচালনা কমিটির অভিযোগ, অভিযুক্ত সহকারী শিক্ষক কয়েক মাস ধরে পাঁচ থেকে সাতজন ছাত্রীকে যৌন হয়রানি করে আসছেন। কিন্তু ছাত্রীরা এত দিন ভয়ে তা প্রকাশ করেনি। পরে ১৪ মার্চ এক ছাত্রীকে যৌন হয়রানির সময় অন্য এক শিক্ষার্থীর চোখে পড়ে। এতে বিষয়টা জানাজানি হলে শিক্ষক সমিতির কাছে অভিযোগ করেন অভিভাবকেরা। গত মঙ্গলবার শিক্ষক সমিতির নেতারা ঘটনা যাচাই করেত গেলে অভিযোগের সত্যতার প্রমাণ পান।তবে অভিযুক্ত শিক্ষক ঘটনাটিকে তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র বলে দাবি করছেন।