ছাত্রকে বেদম পিটিয়ে অসুস্থ করার অভিযোগে শিক্ষক লব কুমার দাসকে (৫৮) গত মঙ্গলবার রাতে গ্রেপ্তার করে ফেনী মডেল থানার পুলিশ। তবে স্থানীয় এক শিক্ষক নেতার মধ্যস্থতায় মুচলেকা নিয়ে গতকাল বুধবার দুপুরের দিকে তাঁকে থানা থেকে ছেড়ে দেওয়া হয়েছে।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোয়াজ্জেম হোসেন বলেন, ‘জেলা শিক্ষক নেতারা বিষয়টি মীমাংসা করে দেওয়ার আশ্বাস দিয়েছেন। আমরা লব কুমার দাসের মুচলেকা নিয়ে ছেড়ে দিয়েছি।’
এদিকে লব কুমার দাসকে আটকের প্রতিবাদে এবং তাঁর মুক্তির দাবিতে বিদ্যালয়ের শিক্ষার্থীরা সকালে ফেনী-লস্করহাট সড়ক অবরোধ করে। পরে বিদ্যালয় পরিচালনা পর্ষদের কয়েকজন সদস্য ও শিক্ষকদের অনুরোধে জেলা শিক্ষক সমিতির সভাপতি ডি এম একরামুল হক থানায় যান। যোগাযোগ করা হলে তিনি স্থানীয়ভাবে বিষয়টির মীমাংসা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ওই শিক্ষককে ছাড়িয়ে নেওয়ার কথা স্বীকার করেন।
ফেনী সদর উপজেলার কালিদহ এসসি উচ্চবিদ্যালয়ের শিক্ষক লব কুমার দাস গত ৮ জুলাই শ্রেণীকক্ষে দুষ্টুমির অভিযোগে মিরাজুল আলম (১৪) নামের সপ্তম শ্রেণীর এক শিক্ষার্থীকে বেধড়ক পেটান। এ ঘটনায় শিক্ষার্থীর বাবা মনসুর আলম লব কুমার দাসের বিরুদ্ধে ফেনী মডেল থানায় অভিযোগ করেন।
পরিবারের অভিযোগ, শিক্ষকের পিটুনি খেয়ে স্কুল থেকে বাড়ি ফেরার পর ছেলের মধ্যে অস্বাভাবিক আচরণ দেখা দেয় এবং খাওয়াদাওয়া ও কথাবার্তা বন্ধ করে দেয়। একপর্যায়ের মানসিক অসুস্থতা দেখা দিলে তাকে ১৪ জুলাই বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয় হাসপাতালের মনোরোগবিদ্যা বিভাগে ভর্তি করা হয়। হাসপাতালের চিকিৎসকেরা মিরাজুল আলমের শরীরে আঘাতের চিহ্ন পান এবং ভীতি থেকে তার মানসিক অসুস্থতা দেখা দেয় বলে জানান।
এ বিষয়ে গত ২৪ জুলাই ‘শিক্ষকের পিটুনিতে ১৫ দিন ধরে ছাত্র নির্বাক’ শিরোনামে প্রথম আলোয় একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এক মাস পাঁচ দিন চিকিৎসা শেষে গত ১৮ আগস্ট মিরাজুল আলমকে বাসায় নেওয়া হয়।
মিরাজুলের বাবা মনসুর আলম জানান, ছেলের দুর্ঘটনার পর তিনি আর্থিক ও মানসিকভাবে চরম ক্ষতিগ্রস্ত হয়েছেন। তার ওপর ছেলে পুরোপুরি সুস্থ না হওয়ায় অস্বস্তিতে আছেন। আবার মিরাজুলের চিকিৎসক ওয়ালিউল হাসনাত ছেলেকে স্কুল পরিবর্তন করার পরামর্শ দিয়েছেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রুহুল আমিন দাবি করেন, এ ঘটনা মীমাংসার জন্য একাধিকবার উদ্যোগ নেওয়া হয়। কিন্তু শিক্ষার্থীর বাবা ছেলের অসুস্থতার কথা বলে বৈঠকে আসেননি। তবে মনসুর আলম বলেন, ‘মীমাংসার উদ্যোগ দূরে থাক, আমি মনেপ্রাণে আশা করেছিলাম, অন্তত লব কমুার আমার ছেলেকে একনজর হাসপাতালে এসে দেখে যাবেন, যাতে করে ছেলের ভয়টা কাটে। কিন্তু স্যারের সেই সময় হয়নি।’