অভিযুক্ত শিক্ষক কারাগারে চাকরি থেকে বরখাস্ত
চুয়াডাঙ্গায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার শিক্ষককে কারাগারে পাঠানো হয়েছে। মুখ্য বিচারিক হাকিম এ বি এম মাহমুদুল হক গতকাল বৃহস্পতিবার দুপুরে শিক্ষককে কারাগারে পাঠানোর এই আদেশ দেন। মামলার তদন্ত প্রতিবেদন আদালতে দাখিলের জন্য আগামী ২১ জুন দিন ধার্য করা হয়েছে।
একই হাকিম নারী ও শিশু নির্যাতন দমন আইনে নির্যাতিত ছাত্রীর জবানবন্দি রেকর্ড করেছেন।
সংশ্লিষ্ট সূত্রমতে, জবানবন্দিতে নির্যাতিত ছাত্রী দাবি করেছে, ওই শিক্ষক গত ২৯ এপ্রিল শুক্রবার দুপুরে প্রাইভেট পড়ানোর নাম করে কৌশলে শহরের থানা কাউন্সিলপাড়ার বাসায় ডাকেন। ওই সময় বাসায় আর কেউ না থাকায় হুমকির মুখে তিনি তাকে ধর্ষণ করেন।
মাধ্যমিক বিদ্যালয় কর্তৃপক্ষ অভিযুক্ত শিক্ষককে তাঁর চাকরি থেকে সাময়িক বরখাস্ত করেছে। গতকাল বেলা ১১টায় বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। কমিটির সভাপতি মো. নুরুল ইসলাম বলেন, মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে।
এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ওই শিক্ষকের শাস্তির দাবিতে বিদ্যালয়টির শিক্ষার্থীরা গত বুধবার বিক্ষোভ করে। অভিভাবকেরা বিদ্যালয়ে ঢুকে তাঁকে গণপিটুনি দেন। সন্ধ্যায় নির্যাতিত ছাত্রীর ভগ্নিপতি বাদী হয়ে সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলার পরপরই সদর থানা-পুলিশ ওই শিক্ষককে সদর উপজেলার নেহালপুর থেকে গ্রেপ্তার করে।
মামলার বাদী এজাহারে উল্লেখ করেছেন, বিদ্যালয়ের শিক্ষক এবং সভাপতির কাছে ধর্ষণের ঘটনা জানালেও তাঁরা বিষয়টি দেখবেন বলে জানান এবং মামলা না করার জন্য বলেন। তাদের (নির্যাতিতা ও বাদীর) বাড়ি ভিন্ন জেলায় হওয়ায় বিদ্যালয় কর্তৃপক্ষ এবং আত্মীয়স্বজনদের সঙ্গে আলাপ-আলোচনা করে মামলা করতে দেরি হয়েছে।
নাগরিক সংগঠন চুয়াডাঙ্গা জেলা লোকমোর্চা নির্যাতিত ছাত্রীকে আইনগত সহায়তা দিচ্ছে।
গতকাল বৃহস্পতিবার প্রথম আলোয় ‘ধর্ষণের অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে বিক্ষোভ, শাস্তি দাবি’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়েছে।