অভিযুক্ত শিক্ষককে নির্বাচনী বোর্ডে মনোনয়ন, ক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনৈতিক ও আইনবিরোধী কাজে যুক্ত থাকার অভিযোগে অভিযুক্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষককে নির্বাচনী বোর্ডে রাখা নিয়ে শিক্ষকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। শিক্ষকেরা এ মনোনয়ন পুনর্বিবেচনা করার জন্য বিশ্ববিদ্যালয় উপাচার্যকে চিঠি দিয়েছেন।বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, ওই শিক্ষক হলেন নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ফরিদ উদ্দিন আহামেদ। তাঁকে বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের প্রভাষক, সহকারী অধ্যাপক এবং সহযোগী অধ্যাপক ও অধ্যাপক পদে নিয়োগ ও পদোন্নতির নির্বাচনী বোর্ডের সদস্য মনোনীত করা হয়েছে। গত ২০১১ সালের ৩ নভেম্বর অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।বিভাগ সূত্রে জানা গেছে, আজ রোববার নৃবিজ্ঞান বিভাগের তিনটি প্রভাষক পদে এবং একটি প্রভাষক ও সহকারী অধ্যাপক পদে শিক্ষক নিয়োগের নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হবে। এদিকে, বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট ‘অনৈতিক ও আইনবিরোধী’ এবং ‘শৃঙ্খলা পরিপন্থী ও পরীক্ষাসংক্রান্ত বিধি লঙ্ঘন’ করার অপরাধে অধ্যাপক ফরিদ উদ্দিন আহামেদকে পাঁচ বছরের জন্য বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষাসংক্রান্ত কাজ থেকে বিরত রাখার সিদ্ধান্ত নেয়। ২০০৮ সালের ২৩ মার্চ অনুষ্ঠিত সিন্ডিকেটের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।এ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের সাবেক ডিন গাজী সালেহ উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘অধ্যাপক ফরিদ উদ্দিন আহামেদকে নৈতিকতা ও আইনবিরোধী কাজে যুক্ত থাকার জন্য সিন্ডিকেট শাস্তি দিয়েছে। আবার সিন্ডিকেটই তাঁকে শিক্ষক নিয়োগের নির্বাচনী বোর্ডের সদস্য মনোনয়ন করেছে। এ কারণে সিন্ডিকেটের ভাবমূর্তি নষ্ট হচ্ছে।’তিনি আরও বলেন, ‘সিন্ডিকেট তাঁর শাস্তি প্রত্যাহার করে তাঁকে নির্বাচনী বোর্ডে রাখত পারত।’এদিকে, বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের একজন সদস্য নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, ‘অধ্যাপক ফরিদ উদ্দিন আহামেদকে নির্বাচনী বোর্ডে রাখা নিয়ে আইনগতভাবে কোনো সমস্যা নেই। তবে নৈতিকভাবে নির্বাচনী বোর্ড থেকে ওনার সরে দাঁড়ানো উচিত। কেননা, এতে নিয়োগ-প্রক্রিয়া নিয়ে কোনো মহল প্রশ্ন তুলতে পারে।’যোগাযোগ করা হলে অধ্যাপক ফরিদ উদ্দিন আহামেদ প্রথম আলোকে বলেন, ‘এ প্রসঙ্গে আমার কোনো মন্তব্য নেই। আমি দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগের নির্বাচনী বোর্ডের সদস্য হিসেবে যুক্ত আছি। একটি মহল ইচ্ছাকৃতভাবে আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।’ এদিকে, বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের পাঁচজন শিক্ষক এ মনোনয়নের বিরোধিতা করে উপাচার্যকে চিঠি দিয়েছেন। তাঁরা প্রথম আলোকে বলেন, অধ্যাপক ফরিদ উদ্দিন আহামেদের বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে শিক্ষক-শিক্ষার্থীরা আন্দোলন করেছেন। তাঁদের অভিযোগ প্রমাণিতও হয়েছে। এ কারণে তাঁর নিয়োগ বোর্ডে থাকা অনৈতিক।শিক্ষকেরা আশঙ্কা করছেন, নির্বাচনী বোর্ডের সদস্য হিসেবে তিনি তাঁদের পদোন্নতি ও নিয়োগে বাধা দিতে পারেন।