সিলেটে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ছাত্রীদের যৌন হয়রানি করার অভিযোগে লোকপ্রশাসন বিভাগের শিক্ষক নাসির উদ্দিনকে বরখাস্তের দাবিতে গতকাল বৃহস্পতিবার ধর্মঘট পালন করেছেন শিক্ষার্থীরা। ধর্মঘটের কারণে বিশ্ববিদ্যালয়ের বাস চলাচল বন্ধ থাকায় কোনো বিভাগে ক্লাস ও পরীক্ষা হয়নি।
যৌন হয়রানির অভিযোগে গত মঙ্গলবার বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক নাসির উদ্দিনকে এক বছরের জন্য ক্লাস-পরীক্ষাসংক্রান্ত কাজ থেকে বিরত রাখার সিদ্ধান্ত নেয়। একই অভিযোগে বিভাগের কর্মচারী সালেহ আহমেদকে বরখাস্ত ও সহকারী প্রশাসনিক কর্মকর্তা আতিকুর রহমানকে পদাবনতির শাস্তি দেওয়া হয়। তবে শিক্ষার্থীরা ওই শিক্ষককে স্থায়ীভাবে বরখাস্তের দাবিতে কর্মসূচি ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, নাসির উদ্দিনকে বরখাস্তের দাবিতে গতকাল সকাল সাতটার দিকে প্রধান ফটকে তালা দিয়ে অবস্থান ধর্মঘট শুরু করেন শিক্ষার্থীরা। বেলা ১১টার দিকে সেখানে তাঁরা সমাবেশ করেন। এ সময় আন্দোলনে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয় শাখা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের আহ্বায়ক অনীক ধর, ছাত্র ইউনিয়নের সভাপতি গোলাম রাব্বি চৌধুরীসহ কয়েকজন ছাত্রনেতা। দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হিমাদ্রী শেখর রায়ের নেতৃত্বে প্রক্টরিয়াল বডির সদস্যরা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে সেখানে যান। প্রক্টর প্রধান ফটকের তালা খুলে দেওয়ার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। কিন্তু শিক্ষার্থীরা শিক্ষক নাসির উদ্দিনকে বরখাস্তের দাবিতে অটল থেকে দাবি আদায় না হওয়া পর্যন্ত ধর্মঘট চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। পরে প্রক্টর ও প্রক্টরিয়াল বডির সদস্যরা ক্যাম্পাসে ফিরে যান।
৮ এপ্রিল লোকপ্রশাসন বিভাগের নয়জন ছাত্রী বিশ্ববিদ্যালয়ের যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধকেন্দ্রে অভিযোগ দেন। এরপর থেকে অভিযুক্ত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা।