অভিযুক্ত শিক্ষকের উপস্থিতির ওপর নিষেধাজ্ঞা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম সরকারি মুসলিম হাইস্কুলের তিন ছাত্রকে প্রহারের অভিযোগে অভিযুক্ত শিক্ষক জেবুন্নেসা বেগমকে স্কুলে আসতে বারণ করা হয়েছে।গতকাল বৃহস্পতিবার তিনি স্কুলে আসেননি বলে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করে মুসলিম হাইস্কুলের প্রধান শিক্ষক এস এস জিয়াউল হায়দার প্রথম আলোকে বলেন, ‘অভিযুক্ত শিক্ষক জেবুন্নেসার ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগ পর্যন্ত তাঁকে স্কুলে আসতে নিষেধ করা হয়েছে। আমি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা (মাউশি) অধিদপ্তরের উপপরিচালক মো. আজিজ উদ্দিনের কাছে এ-সংক্রান্ত প্রতিবেদন জমা দিয়েছি।’ চট্টগ্রাম সরকারি মুসলিম হাইস্কুলের সহকারী শিক্ষক জেবুন্নেসা বেগমের বিরুদ্ধে স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্র ওবায়দুল, দশম শ্রেণীর ছাত্র রিদোয়ান ও শুভকে প্রহারের অভিযোগে গত বুধবার স্কুলের ছাত্ররা বিক্ষোভ ও সড়ক অবরোধ করে। তারা অভিযুক্ত শিক্ষককে প্রত্যাহারের দাবি জানায়। উপপরিচালক মো. আজিজ উদ্দিন অভিযুক্ত শিক্ষক জেবুন্নেসা বেগমকে বদলির আশ্বাস দিলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়।