স্কুলছাত্রীর শ্লীলতাহানির দায়ে একটি মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষককে স্থায়ী বহিষ্কারের দাবিতে গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় খাগড়াছড়ি সদরের মধুপুর বাজারে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী ও অভিভাবকেরা।মানববন্ধন কর্মসূচি চলার সময় বক্তব্য দেন বিমল কান্তি (কার্বারি), মধুপুর বাজার কমিটির সাধারণ সম্পাদক সৌরভ তালুকদার, অভিভাবক হারিস সওদাগর, এনজিও কর্মী নমিতা চাকমা ও লালসা চাকমা।বক্তারা অভিযোগ তুলে বলেন, এপিবিএন উচ্চবিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক খাগড়াছড়ি পৌরসভার মেয়রের সালিসি আদালতে ছাত্রী শ্লীলতাহানির দায়ে দোষী সাব্যস্ত হয়েছেন। স্কুলের ব্যবস্থাপনা কমিটির কতিপয় প্রভাবশালী সদস্য ও প্রধান শিক্ষকসহ কিছু শিক্ষক অভিযুক্ত শিক্ষককে বাঁচানোর জন্য উঠেপড়ে লেগেছেন। ঘটনার পর দুই মাস পার হলেও কোনো সুরাহা করেনি কর্তৃপক্ষ। এ ব্যাপারে এপিবিএন উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম ইলিয়াছ আজম বলেন, ঘটনা তদন্তের জন্য ইতিমধ্যে বিদ্যালয় কর্তৃপক্ষ একটি কমিটি গঠন করেছে। কমিটি রিপোর্ট জমাও দিয়েছে। সেই রিপোর্ট নিয়ে আগামী ২৮ জুলাই মিটিং বসবে।তিনি আরও বলেন, যে শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তাকে ইতিমধ্যেই সাময়িক বহিষ্কার করা হয়েছে। বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্য টিপু লাল দাশ বলেন, ঘটনাটি নিয়ে যা চলছে, তা কাঙ্ক্ষিত নয়। বিষয়টি যত দ্রুত সম্ভব সুরাহা করা প্রয়োজন বিদ্যালয়ের স্বার্থে।গত ১১ মে এপিবিএন উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণীর এক ছাত্রীকে পরীক্ষার প্রশ্নপত্র দাগিয়ে দেওয়ার কথা বলে ক্রীড়া শিক্ষক তাঁর বাড়িতে আসতে বলেন। বাড়িতেই ওই ক্রীড়া শিক্ষক ছাত্রীটির শ্লীলতাহানির চেষ্টা চালায়।