কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় খাদিজা আক্তার (১১) নামের এক গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে গত শনিবার অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে মামলা হয়েছে। খাদিজার মা মলিনা বেগম নারী ও শিশু নির্যাতন দমন আইনে ভৈরব থানায় মামলাটি করেন।
ওই শিক্ষকের নাম সাহারা আক্তার। তিনি ভৈরবের মানিকদী গ্রামের আলফাজ উদ্দিন উচ্চবিদ্যালয়ে সহকারী শিক্ষক। তবে সাহারার বাবার বাড়ি রংপুরের তারাগঞ্জের সয়ার ইউনিয়নের ফরিদাবাদ গ্রামে। আর খাদিজা ফরিদাবাদ গ্রামের মৃত সাইদ রহমানের মেয়ে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, সাহারা ভৈরব পৌর শহরের কমলপুর মহল্লার সুমন মিয়ার স্ত্রী। বাসার কাজের জন্য তিন বছর আগে খাদিজাকে গ্রাম থেকে ভৈরবে আনেন সাহারা। শুরু হয় সামান্য অজুহাতে খাদিজাকে নির্যাতন। এতে খাদিজার সারা শরীরে ক্ষতের সৃষ্টি হয়। নির্যাতনের খবর ফাঁসের চার দিন পর গত বৃহস্পতিবার খাদিজাকে মায়ের কাছে দেন সাহারা। ওই দিনই খাদিজাকে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
ওই স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকেরা জানান, খাদিজা ধীরে ধীরে সেরে উঠছে। দু-এক দিনের মধ্যে সে বাড়ি চলে যেতে পারবে।
মলিনা বেগম বলেন, ঘটনার সামাজিক নিষ্পত্তির জন্য চার দিক থেকে চাপ আসছে। টাকার লোভ দেখানো হচ্ছে। টাকা না নিলে ও নিষ্পত্তি না করলে বিপদে পড়ার ভয়ও দেখানো হচ্ছে।
এ ব্যাপারে জানতে অভিযুক্ত সাহারার মুঠোফোনে একাধিকবার ফোন করলেও তিনি তা ধরেননি। তবে সাহারার স্বামী সুমনের দাবি, যা হচ্ছে সবই অপপ্রচার। তাঁর পরিবারকে হেয় করতে কিছু মানুষ ষড়যন্ত্র করছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা ভৈরব থানার এসআই কায়েস আহমেদ জানান, সাহারাকে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।