অভিযুক্ত সামাদের ভর্তি বাতিলের সুপারিশ কলেজ কর্তৃপক্ষের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের সরকারি আনন্দ মোহন কলেজের শিক্ষার্থী আফসারী আক্তারকে হত্যার ঘটনায় অভিযুক্ত আবদুস সামাদের ভর্তি বাতিলের সুপারিশ করেছে কলেজ কর্তৃপক্ষ। তাঁকে দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে গতকাল সোমবার মানববন্ধন হয়েছে।
গতকাল দুপুরে তৃতীয় দিনের মতো ওই কলেজের মূল ফটকের সামনে মানববন্ধন করা হয়। এ সময় কলেজের বাংলা বিভাগের প্রধান রতন সিদ্দিকী জানান, সামাদের ভর্তি ও নিবন্ধন বাতিলের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ে সুপারিশ পাঠিয়েছে কলেজ কর্তৃপক্ষ। তিনি আরও বলেন, ‘আমরা কাউকে বিব্রত করতে চাই না। কিন্তু আগামী সাত দিনের মধ্যে সামাদকে গ্রেপ্তার করে বিচারের আওতায় না আনা হলে কঠোর আন্দোলন করা হবে।’ মানববন্ধনে অংশ নিয়ে দাবির সঙ্গে একাত্মতা ঘোষণা করেন বিশিষ্ট নাট্যকার অধ্যাপক মমতাজউদদীন আহমদ।
মানববন্ধনে ময়মনসিংহের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক ও নারীবাদী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
১ সেপ্টেম্বর ওই কলেজের বাংলা বিভাগের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের শিক্ষার্থী আফসারীকে ইট দিয়ে আঘাত করেন একই কলেজের ব্যবস্থাপনা বিভাগের স্নাতক (সম্মান) চতুর্থ বর্ষের শিক্ষার্থী আবদুস সামদ। পরে গত শুক্রবার তিনি মারা যান।