এক মাসেও গ্রেপ্তার হয়নি অ্যাসিড নিক্ষেপে নিহত গৃহবধূ ইয়াসমিনের হত্যাকারী স্বামী সালাউদ্দিন আহমেদ। সালাউদ্দিনকে ধরতে পুলিশ অবহেলা করছে বলে অভিযোগ করেছে নিহত ব্যক্তির স্বজনেরা।
গৃহবধূ ইয়াসমিন হত্যার প্রতিবাদে ও এ মামলার প্রধান আসামি নিহত ইয়াসমিনেরর স্বামী সালাউদ্দিনকে গ্রেপ্তারের দাবিতে আয়োজিত মানববন্ধনে এলাকাবাসী ও স্বজনেরা এ অভিযোগ করেছেন। এদিকে গতকাল এ মামলায় গ্রেপ্তার করা আসামিদের আদালতে হাজির করা হয়।
গতকাল সোমবার বেলা ১১টায় নারায়ণগঞ্জ আদালত চত্বরে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন তাঁরা। এ সময় বক্তব্য দেন গৃহবধূ ইয়াসমিনের চাচা মোশারফ কাজী, বড় ভাই নূরে আলম কাজী, ইয়াসমিনের চাচি রেহেনা বেগম, বোন আফরোজা আক্তার।
সালাউদ্দিনকে গ্রেপ্তারে পুলিশ অবহেলা করছে অভিযোগ করে ইয়াসমিনের বড় ভাই নূরে আলম কাজী জানান, পুলিশ বলছে সালাউদ্দিন মোবাইল নম্বর পরিবর্তন করছে, এ কারণে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না।
নারায়ণগঞ্জ আদালতের কোর্ট ইন্সপেক্টর হাবিবুর রহমান জানান, আসামিদের জামিনের আবেদনের শুনানি আগামী বুধবার অনুষ্ঠিত হবে বলে আদালত নির্দেশনা দিয়েছে।
গত ২২ মার্চ নারায়ণগঞ্জে স্বামী সালাউদ্দিন অ্যাসিড ছুড়ে গুরুতর আহত করে তার স্ত্রী ইয়াসমিনকে। পরে ২৬ মার্চ সন্ধ্যা সাড়ে সাতটায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়।