কক্সবাজারের রামু উপজেলার এক বাড়িতে গিয়ে আসামি না পেয়ে তাঁর স্ত্রীকে পুলিশ নির্মমভাবে পিটিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল রোববার দুপুরে ফতেখারকুল ইউনিয়নের হাইটুপি গ্রামে এ ঘটনা ঘটে।নির্যাতনের শিকার নারীর নাম বিপু বড়ুয়া (২৪)। তাঁর স্বামীর নাম রোজেন বড়ুয়া। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, পুলিশের বন্দুকের বাঁট ও লাঠির আঘাতে গৃহবধূর বাঁ হাতের হাড় ভেঙে গেছে।গুরুতর আহত গৃহবধূকে প্রথমে রামু ও পরে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে নেওয়ার পথে রামুর চৌমুহনী এলাকায় আহত গৃহবধূ বিপু বড়ুয়া জানান, গতকাল দুপুর ১২টার দিকে তিনি ছয় বছরের শিশুকে নিয়ে বাড়ির শয়নকক্ষে ঘুমাচ্ছিলেন। এ সময় রামু থানার উপপরিদর্শক (এসআই) রুহুল আমিন ও তিনজন কনস্টেবল বাড়িতে ঢুকে তাঁর (বিপু) স্বামীকে খোঁজাখুঁজি করেন। স্বামীকে না পেয়ে তাঁর কাছ থেকে স্বামীর জাতীয় পরিচয়পত্র চান। তিনি নেই বললে এসআই রুহুল আমিন তাঁকে চুল ধরে টানাহেঁচড়া করে মাটিতে ফেলে দেন এবং বন্দুকের বাঁট ও লাঠি দিয়ে মারধর করেন।পুলিশের টানাহেঁচড়ায় বিপুর কাপড়-চোপড় ছিঁড়ে যায়। এ সময় তাঁর চিৎকারে শাশুড়ি কাজলী বড়ুয়া (৫০) ও একজন জাঁ এগিয়ে এলে তাঁরাও পুলিশের মারধরের শিকার হন। পরে পুলিশের সদস্যরা ওই বাড়ির আসবাবপত্র তছনছ করে রোজেন বড়ুয়ার জাতীয় পরিচয়পত্র ও আলোকচিত্র নিয়ে গালাগাল করতে করতে বাড়ি ত্যাগ করেন।কাজলী বড়ুয়া অভিযোগ করেন, এসআই রুহুল আমিন কয়েক দিন আগেও গভীর রাতে তাঁদের বাড়ি তল্লাশির নামে তাঁর মেয়ের ওপর নির্যাতন চালান।মামলার বাদী রোকন উদ্দিন জানান, সম্প্রতি তাঁর একটি জিপের যন্ত্রাংশ চুরি হলে তিনি রামু থানায় মামলা করেন। এই মামলায় রোজেন বড়ুয়াকে অভিযুক্ত করেন। তবে রোজেন বড়ুয়ার স্ত্রী ও পরিবারের সদস্যদের পুলিশের মারধরের বিষয়ে তিনি কিছুই জানেন না।মারধরের অভিযোগ অস্বীকার করে রামু থানার এসআই রুহুল আমিন বলেন, মারধরের বিষয়টি সাজানো। এটি ষড়যন্ত্র।রুহুল আমিন বলেন, ‘রোজেন বড়ুয়া একজন পেশাদার চোর। বাড়িতে গিয়ে তাঁর জাতীয় পরিচয়পত্র ও ছবি চাইলে বিপু বড়ুয়া আমার সঙ্গে দুর্ব্যবহার করেন।’রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে নজিবুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘ছেলেটি আসলেই চোর। তবে তাঁর স্ত্রীর গায়ে হাত দেওয়া অন্যায় হয়েছে। আমি ঘটনাস্থলে গিয়ে নিজেই তদন্ত করব। অভিযোগের সত্যতা পেলে ওই কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেব।’রামু উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি সোহেল সরওয়ার বলেন, ঘটনাটি তিনি শুনেছেন। এটি দুঃখজনক। এ ব্যাপারে খোঁজ নিয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।