অভিযুক্ত স্বামীকে না পেয়ে স্ত্রীকে মারধর, পুলিশের তদন্ত শুরু
কক্সবাজারের রামু উপজেলায় এক আসামিকে বাড়িতে না পেয়ে তাঁর স্ত্রীকে পুলিশি নির্যাতনের ঘটনার তদন্ত শুরু হয়েছে। গতকাল সোমবার পুলিশের উচ্চপর্যায়ের একটি তদন্ত দল ফতেখাঁরকুল ইউনিয়নের হাইটুপি গ্রামে আসামির বাড়িতে যায়। এ সময় তারা ওই পরিবারের সদস্য ও প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ করে।ভুক্তভোগী পরিবারের অভিযোগ, গত রোববার দুপুরে চুরির মামলায় অভিযুক্ত রোজেনের খোঁজে তাঁর বাড়ি যান রামু থানার উপপরিদর্শক রুহুল আমিন ও তিনজন কনস্টেবল। তাঁরা রোজেনকে না পেয়ে তাঁর স্ত্রী বিপুর শয়নকক্ষে ঢুকে স্বামীর জাতীয় পরিচয়পত্র চান। বিপু পরিচয়পত্র নেই বলে জানালে রুহুল তাঁকে চুল ধরে টেনেহিঁচড়ে মাটিতে ফেলে বন্দুকের বাঁট ও লাঠি দিয়ে মারধর করেন। এতে বিপুর বাঁ হাতের হাড় ভেঙে যায়। এরপরই বিপুকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসা নিয়ে গতকাল তিনি বাড়ি ফেরেন।তদন্ত দলে কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার উত্তম কুমার পাল, সহকারী পুলিশ সুপার (উখিয়া সার্কেল) ছত্রধর ত্রিপুরা ও রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে নজিবুল ইসলাম রয়েছেন।তদন্ত দলের প্রধান অতিরিক্ত পুলিশ সুপার উত্তম কুমার পাল প্রথম আলোকে বলেন, তদন্তে দুটি বিষয় উঠে এসেছে। একটি হচ্ছে, এসআইয়ের ধাক্কায় ওই নারী আহত হতে পারেন; অন্যটি তাঁর স্বামীই তাঁকে পেটাতে পারেন। তবে তদন্তে এসআইয়ের বিরুদ্ধে নির্যাতনের সত্যতা পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।তবে নির্যাতিত পরিবার বলছে, পুলিশ চলে যাওয়ার পর রোজেন নিজেই তাঁর স্ত্রীকে মারধর করেছে—এ রকম মিথ্যা বলে পুলিশ প্রকৃত ঘটনা আড়াল করার চেষ্টা করছে।