শামারুখ মাহজাবীন হত্যা মামলা
অভিযুক্ত স্বামীকে প্রথম শ্রেণির বন্দীর মর্যাদা দেওয়ার সিদ্ধান্ত বাতিল

হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতালের শিক্ষানবিশ চিকিৎসক শামারুখ মাহজাবিন হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ও তাঁর স্বামী হুমায়ুন সুলতান সাদাবকে প্রথম শ্রেণির বন্দীর মর্যাদা দেওয়ার সিদ্ধান্ত বাতিল করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। হুমায়ুন যশোর-৫ আসনের সরকারদলীয় সাবেক সাংসদ খান টিপু সুলতানের ছেলে।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করে গতকাল শনিবার বলেন, ‘ঘটনাটি অত্যন্ত স্পর্শকাতর। আসামি হুমায়ুন প্রথম শ্রেণির বন্দীর মর্যাদা পেতে পারেন কি না, তা নিয়ে আমরা আলোচনা করেছি। আলোচনার পর তাঁকে এই সুবিধা না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হযেছে।’
‘শামারুখ হত্যা মামলা: অভিযুক্ত স্বামী প্রথম শ্রেণির বন্দীর মর্যাদা পাচ্ছেন’—এই শিরোনামে প্রথম আলোতে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বিষয়টি পর্যালোচনার সিদ্ধান্ত নেন।
গত ১৩ নভেম্বর টিপু সুলতানের ধানমন্ডির বাসায় চিকিৎসক শামারুখের রহস্যজনক মৃত্যু হয়। ওই দিন রাতে শামারুখের বাবা প্রকৌশলী নুরুল ইসলাম বাদী হয়ে টিপু সুলতান, তাঁর স্ত্রী জেসমিন আরা ও তাঁদের ছেলে হুমায়ুন সুলতানকে আসামি করে থানায় হত্যা মামলা করেন। হুমায়ুন এখন কারাগারে। আর খান টিপু ও তাঁর স্ত্রী আগাম জামিনে আছেন।