অভিযুক্ত স্বামীর ফাঁসির দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জে গৃহবধূ শাহানারা আক্তারের হত্যাকারী তাঁর স্বামী জুমরাতুল হোসেনের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। গতকাল শুক্রবার সকাল ১০টায় নগরের চাষাঢ়ায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন হয়।
মানববন্ধন চলাকালে সংক্ষিপ্ত বক্তব্য দেন নিহত শাহানারার মা হেলেনা বেগম, বোন জাহান আরা শর্মিলা, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হালিম আজাদ, বাংলাদেশ মহিলা পরিষদ নারায়ণগঞ্জ জেলা শাখার সভানেত্রী লক্ষ্মী চক্রবর্তী, স্কুলশিক্ষক জাকির হোসেন, জেলা কমিউনিষ্ট পার্টির শাহানারা বেগম, সংস্কৃতিকর্মী ফাহমিদা আজাদ প্রমুখ।
মানববন্ধনে মেয়ে হত্যার বিচার চেয়ে হেলেনা বেগম বলেন, ‘শ্বশুরবাড়িতে আমার মেয়েকে নির্যাতনের মাধ্যমে হত্যা করা হয়েছে। আমি আমার সন্তান হত্যার সুষ্ঠু বিচার চাই। হত্যাকারী জুমরাতুলের ফাঁসি চাই।’
শর্মিলা বলেন, ‘আর কোনো বোন হত্যার জন্য যেন এভাবে পথে আমাদের নামতে না হয়। হত্যাকারীদের পক্ষ হয়ে মামলা তুলে নিতে আমাদের হুমকি দেওয়া হচ্ছে। এসব হুমকিদাতার উদ্দেশ্যে বলছি, আমরা কোনো হুমকিকে ভয় পাই না।’
মহিলা পরিষদের নেত্রী লক্ষ্মী চক্রবর্তী শাহানারার হত্যাকারী স্বামী গ্রেপ্তার হলেও এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বাকিদের গ্রেপ্তার করা হচ্ছে না। অবিলম্বে তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি। তিনি আরও বলেন, শাহানারার হত্যাকারীর শাস্তি না হওয়া পর্যন্ত এ আন্দোলন চলবে।
নারায়ণগঞ্জ শহরের শহীদনগর এলাকার শ্বশুরবাড়ি থেকে গত ২২ মার্চ গৃহবধূ শাহানারার লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহত গৃহবধূর মা হেলেনা বেগম বাদী হয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের করেন। পুলিশ শাহানারার স্বামী জুমরাতুলকে আটক করে।