ফেনীর দাগনভূঞা উপজেলার পূর্ব চন্দ্রপুর ইউনিয়নের বৈরাগীরহাট উচ্চবিদ্যালয়ের এক শিক্ষার্থীর শ্লীলতাহানির দায়ে অভিযুক্ত যুবককে গ্রেপ্তারের দাবিতে গতকাল মঙ্গলবার সকালে স্থানীয় বৈরাগীরহাট বাজরে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে। এতে বক্তব্য দেন স্থানীয় পূর্ব চন্দ্রপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোহাম্মদ হোসেন, সাবেক চেয়ারম্যান অলি আহম্মদ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ এফ এম জাকারিয়া, সহকারী শিক্ষক মিহিরলাল ভৌমিক, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য নুর মোহাম্মদ প্রমুখ।
গত সোমবার দুপুরে বিদ্যালয় থেকে বাড়ি যাওয়ার পথে স্থানীয় ইউপির সামনের রাস্তায় আলাউদ্দিন নামের এক বখাটে ওই স্কুলছাত্রীকে কথা আছে বলে দাঁড়াতে বলে শ্লীলতাহানির চেষ্টা করে। পরে তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে বখাটে ওই শিক্ষার্থীর মুখে কামড় দিয়ে পালিয়ে যায়। সে ওই বিদ্যালয়ের পাশের একটি ওয়ার্কশপের শ্রমিক হিসেবে কাজ করে। এ ঘটনায় ওই শিক্ষার্থীর মা বাদী হয়ে বখাটে আলাউদ্দিনকে আসামি করে দাগনভূঞা থানায় একটি মামলা দায়ের করেন।