অভিযুক্তকে গ্রেপ্তারের ৪৮ ঘণ্টা পর আদালতে পাঠাল পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্থানীয় সাংসদ শওকত মোমেন শাজাহানকে নিয়ে ফেসবুকে অশালীন মন্তব্য করার অভিযোগে পুলিশ রাসেল নামের এক ছাত্রকে গ্রেপ্তার করেছে। ওই সাংসদের ছেলে অনুপম শাজাহান বাদী হয়ে সখীপুর থানায় তথ্য যোগাযোগ ও প্রযুক্তি আইনে মামলা করলে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।পরিবারের অভিযোগ, রাসেলকে গত বুধবার বেলা ১১টায় আটক করলেও ৪৮ ঘণ্টা পর গতকাল শুক্রবার সকাল ১০টায় পুলিশ তাঁকে টাঙ্গাইল আদালতে পাঠায়। পুলিশ সাত দিনের রিমান্ডের আবেদন করলে আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।মামলার বিবরণে জানা যায়, ‘প্রবর্তক সখীপুর’ নামের ফেসবুক আইডিতে স্থানীয় সাংসদ শওকত মোমেন শাজাহানকে নিয়ে অশালীন মন্তব্য প্রচার করা হয়। বিষয়টি তাঁদের পরিবারের নজরে এলে মন্তব্যকারীদের নাম-ঠিকানা পুলিশকে জানিয়ে গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়। গত বুধবার বেলা ১১টায় সখীপুর মসজিদ রোডের মওলানা বুক ডিপো থেকে মীর রাসেলকে আটক করে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়। পরে গত বৃহস্পতিবার রাতে ওই সাংসদের ছেলে অনুপম শাজাহান উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক আবদুল গফুরের ছেলে কলেজছাত্র রহিম বাদশা, তাঁর চাচাতো ভাই বিএনপির নেতা আবদুর রহমানের ছেলে জুয়েল মিয়া ও মাওলানা শামসুদ্দোহার ছেলে মীর রাসেলকে আসামি করে সখীপুর থানায় মামলা করেন।মামলার বাদী অনুপম শাজাহান বলেন, ‘আমার বাবা এবং সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে কতিপয় যুবক ওই ফেসবুক আইডিতে বিভিন্ন অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য করে আসছিল।’ গ্রেপ্তার হওয়া রাসেল বলেন, ‘এমপি মহোদয়কে নিয়ে আমি কোনো মন্তব্য করিনি।’গ্রেপ্তার হওয়া রাসেলের বাবা মাওলানা মীর শামসুদ্দোহা অভিযোগ করে বলেন, ‘আমার ছেলেকে ৪৮ ঘণ্টা আগে পুলিশ আটক করলেও শুক্রবার সকালে আদালতে পাঠায়।’ এ ব্যাপারে সখীপুর থানার উপপরিদর্শক (এসআই) ওমর ফারুক জানান, প্রথমে ৫৪ ধারায়, পরে ওই মামলায় রাসেলকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।